সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে এ অঞ্চলে প্রথম
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে মকিমউদ্দিন শপিং সেন্টার হিসেবে পরিচিত নব-নির্মিত বিজনেস পার্ক ট্রেড সেন্টারে হেলিপ্যাড নির্মাণ করা হচ্ছে। শুধুমাত্র
চাঁদপুর জেলায় নয়, বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরের এই অঞ্চলে সরকারিক ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে এই প্রথম হাজীগঞ্জে হেলিপ্যাড নির্মাণের উদ্যোগ নিয়েছে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স, আহমাদ আলী পাটওয়ারী (রহ.) ওয়াক্ফ এস্টেট।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে বিজনেস পার্ক ট্রেড সেন্টারের ১৪ তলায় ছাদ ঢালাইয়ের মাধ্যমে এই হেলিপ্যাড নির্মাণ কাজের উদ্বোধন করেন আহমাদ আলী পাটওয়ারী (রহ.) ওয়াক্ফ এস্টেটের মোতওয়াল্লী ও হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী। এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আবদুর রউফ।
এদিকে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে অর্থাৎ হাজীগঞ্জে সড়ক, নদী ও রেলপথ থাকার কারণে জেলার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ও কর্মব্যস্ত শহর হিসেবে পরিচিতি পেয়েছে হাজীগঞ্জ বাজার। বাকি ছিলো শুধু আকাশপথ। তাও পূরণ হতে যাচ্ছে। এখন কর্মব্যস্ত এই জনপদের বিজনেস পার্ক ট্রেড সেন্টারে ‘হেলিপ্যাড’ নির্মাণ হলে আধুনিক হাজীগঞ্জকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে।
এই হেলিপ্যাডটি চালু হলে, গ্রাম থেকে জরুরিভিত্তিতে কোনো রোগীকে ঢাকার হাসপাতালে হেলিকপ্টারের মাধ্যমে নিতে পারবে অর্থাৎ এই অঞ্চলের যে কোনো প্রান্ত থেকে রোগীকে উন্নত ও মানসম্পন্ন চিকিৎসাসেবা সরবরাহ করার লক্ষ্যে এয়ার অ্যাম্বুলেন্সের সুবিধা ভোগ করতে পারবে। এছাড়া বিয়ে কিংবা সরকারি-বেসরকারি যে কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি আসা বা যাওয়ার ক্ষেত্রে এই হেলিপ্যাড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
হেলিপ্যাড নির্মাণ কাজের উদ্বোধনে উপজেলায় কর্মরত সব সংবাদকর্মীদের আমন্ত্রণ জানান হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও আহমাদ আলী পাটওয়ারী (রহ.) ওয়াক্ফ এস্টেটের মোতওয়াল্লী ড. মো. আলমগীর কবির পাটওয়ারী। এ সময় ভারপ্রাপ্ত মোতওয়াল্লী প্রিন্স শাকিল আহমেদ, ব্যারিস্টার শাহরিয়ার আহমাদ, আহমাদিয়া ফাউন্ডেশনের পরিচালক মুফতি শেখ এনামুল হক নাছিরাবাদীসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ এবং উপজেলায় কর্মরত সব পর্যায়ের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
০৩ ফেব্রুয়ারি, ২০২১।
