
কচুয়া ব্যুরো
কচুয়ায় যৌতুকের জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। উপজেলার কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের আকানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে থানায় অভিযোগও দাখিল করা হয়।
থানায় অভিযোগ মর্মে জানা গেছে, গত মঙ্গলবার আকানিয়া গ্রামের ইব্রাহীমের ছেলে মো. মাসুদকে তার স্ত্রী শাহীদা বেগম তার বোনের কাছ থেকে ধার করা ১ লাখ ২০ হাজার টাকা ফেরত দিতে বললে মাসুদ ক্ষিপ্ত হয়ে তার স্ত্রী শাহীদা বেগমকে বেধরক মারধর করে। তাছাড়া তার স্বামী মাসুদ প্রায় সময় জুয়া খেলে রাতে বাড়ি ফিরে এবং যৌতুকের জন্য স্ত্রী শাহিদা বেগমকে মারধর করে বলে থানায় অভিযোগ করে। এ ব্যাপারে মাসুদের স্ত্রী শাহিদা বেগম গতকাল বুধবার তার স্বামী মাসুদকে বিবাদী করে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনা তদন্তে বুধবার কচুয়া থানার এএসআই মফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে খবর পেয়ে মাসুদ গাঢাকা দিয়েছে।
২২ আগস্ট, ২০১৯।
