স্টাফ রিপোর্টার
চাঁদপুর থিয়েটার ফোরামের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় বিশ্ব নাট্য দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদ্যাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিলো বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা (থিয়েটার আড্ডা) ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান ও বাংলাদেশ পথনাটক পরিষদ-এর দেশব্যাপি আয়োজনের অংশ হিসেবে রোববার (২৭ মার্চ) বিকাল সাড়ে ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রথম পর্বে আলোচনা সভা (থিয়েটার আড্ডা) অনুষ্ঠিত হয়। থিয়েটার ফোরামের সভাপতি শহীদ পাটোয়ারীর সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা অজয় কুমার ভৌমিক।
তিনি বলেন, বক্তব্য রাখার শুরুতেই আমি বলতে চাই, সত্যিকার কথা নাটকের মাধ্যমে নাট্য কর্মীরাই বলতে পারে। নবাব সিরাজুদৌলা নাটক করতে আমাদের এক সময় অনুমতি দেয়া হয়নি। আমাদের অনেক নাট্যকর্মীকে জেল-হাজত খাটতে হয়েছে। নাটকের কালাকানুনের ফলে আমরা অনেক নাটক মঞ্চায়ন করতে পারিনি। কিন্তু, সে সময় আমরা বসে থাকিনি। আমরা নাটকের মহড়া যথারিতি করে সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও মঞ্চায়ন করেছি। দেশ স্বাধীনের পরও আমলাতান্ত্রিক জটিলতার কারনে আমাদের নাট্যাঙ্গণের কার্যক্রম অনেকটা থমকে গিয়েছিলো। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে কালাকানুন স্থগিত করে স্বাধীনভাবে নাটক মঞ্চায়নের সুযোগ করে দিয়েছিলেন। এরপর ১৯৭৫ সালের পটপরিবর্তনের ফলে আমাদের নাট্যকর্মীদেরকেও আন্দোলনে যেতে হয়েছে। তিনি বলেন, একটি রাজনৈতিক দলের চেয়ে নাটকের মাধ্যমে সমাজ সচেতন করার সবচে বড় মাধ্যম। প্রখ্যাত নাট্যভিনেতা হুমায়ূন ফরিদীও চাঁদপুরে মঞ্চ নাটক করেছে।
অন্য বক্তারা বলেন, বিশ্ব নাট্য দিবস ১৯৬২ সালে প্রথম পালন করা হয় অস্টিয়ার ভিয়েনায়। বাংলাদেশে ১৯৯২ সালে প্রথম পালন করা শুরু হয়। বাংলাদেশে সব দিবসই আছে, আমরা বিশ্ব নাট্য দিবস সবাই মিলে পালন করবো। আমরা যদি মনে-প্রাণে সংগঠনকে ভালোবাসি, তাহলেই সব ভালো কাজ করা যাবে। মঞ্চ কর্মীরা নাটক আর সমাজ পরিবর্তনের মাধ্যমে যুগের পর যুগ বেঁচে থাকবে।
এসময় বক্তব্য রাখেন চাঁদপুর ড্রামার সভাপতি তপন সরকার, চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব হারুন আল রশিদ, স্বরলিপি নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি এমআর ইসলাম বাবু, মেঘনা থিয়েটারের সভাপতি তবিবুর রহমান রিংকু, অনুপম নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক গোবিন্দ ম-ল, চাঁদপুর ড্রামার সাধারণ সম্পাদক মানিক পোদ্দার, অনন্যা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক মৃণাল সরকার। থিয়েটার আড্ডার আলোচনা শেষে বিশ্ব নাট্য দিবসের বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা শিল্পকলা একাডেমি সম্মুখ থেকে শুরু হয়ে নতুন বাজার এবং মাতৃপীঠ স্কুলের মোড় হয়ে পুনরায় শিল্পকলা একাডেমি সম্মুখে এসে শেষ হয়।
সবশেষে নাট্যশিল্পী মৃণাল সরকারের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে সানজিদা আলম সাঞ্জু, কাজী কাবিশা, খাদিজা ফেরদৌস লিমা, অন্তরা বিনতে জাকির ও বিথ নন্দী। যন্ত্র সঙ্গীতে ছিলেন অনিক নন্দী।
এ ৩টি পর্বে থিয়েটার ফোরামভুক্ত সদস্য সংগঠন অনন্যা নাট্যগোষ্ঠী, চাঁদপুর ড্রামা, অনুপম নাট্যগোষ্ঠী, বর্ণমালা থিয়েটার, স্বরলিপি নাট্যগোষ্ঠী ও মেঘনা থিয়েটারের অসংখ্য সিনিয়র ও জুনিয়র নাট্যশিল্পীরা অংশগ্রহণ করে।
২৮ মার্চ, ২০২২।
