চাঁদপুর জেলা বিএনপির সভাপতি-সম্পাদক পদে ৮ জনের মনোনয়নপত্র জমা

এস এম সোহেল
আগামি ২ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত চাঁদপুর জেলা বিএনপির সম্মেলন। এতে করে দলটির দীর্ঘদিনের আহ্বায়ক কমিটির কার্যক্রম শেষ হতে যাচ্ছে। দীর্ঘদিন পরে নির্বাচন হওয়ায় বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। কে হবেন জেলা বিএনপি’র সভাপতি কিংবা সাধারণ সম্পাদক- এ নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে রয়েছে উৎকণ্ঠা।
রোববার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দলীয় কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. সামছুল ইসলাম মন্টু এবং সহকারী নির্বাচন কমিশনার অ্যাড. শরীফ মাহমুদ ফেরদৌস শাহিন ও অ্যাড. রফিকুল হাসান রিপনের কাছে তাদের সংগ্রহকৃত মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। সকাল সাড়ে ১০টায় সাধারণ সম্পাদক পদে দেওয়ান সফিকুজ্জামানের পক্ষে সদর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ঢালী মনোনয়নপত্র জমা দেন। পরে সকাল পৌনে ১১টায় সভাপতি পদে ইঞ্জিনিয়ার মমিনুল হক, মাহবুবুর রহমান শাহিন, এসএম কামাল উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে কাজী গোলাম গোলাম মোস্তফার মনোনয়নপত্র জমা দেন যুবদল নেতা ওসমান গনি জনি ও জাহাঙ্গীর হোসেন প্রধানিয়া।
সকাল সাড়ে ১১টায় সভাপতি পদে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরী, আক্তার হোসেন মাঝি, খলিলুর রহমান গাজী, অ্যাড. হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একই সময় সাধারণ সম্পাদক পদে অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম নিজে নেতা-কর্মীদের সাথে নিয়ে তার মনোনয়নপত্র জমা দেন।
সবশেষ দুপুর সাড়ে ১২টায় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান সফরী নেতা-কর্মীদের সাথে নিয়ে তার মনোনয়নপত্র জমা দেন।
এদিকে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচনকে সফল করার লক্ষে গঠন করা হয়েছে শক্তিশালী নির্বাচন কমিশন। ২৬ মার্চ শনিবার ছিল সভাপতি-সাধারণ সম্পাদক পদে মনোনয়োনপত্র সংগ্রহের শেষ দিন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়পত্র সংগ্রহের কার্যক্রম চলে। এতে সভাপতি-সাধারণ সম্পাদক দু’পদে ৪ জন করে মোট ৮জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারা হলেন- সভাপতি পদে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক, জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান শাহীন ও বিএনপি নেতা এসএম কামাল উদ্দিন চৌধুরী।
সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, দেওয়ান মোহাম্মদ সফিকুজ্জামান, কাজী গোলাম মোস্তফা ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান সফরী।
উল্লেখ্য, নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৫১৫ জন। আজ সোমবার মনোনয়ন যাচাই বাছাই (দুপুর ১২টা) ও প্রত্যাহার (দুপুর ২টা থেকে বিকাল ৫টা) শেষ দিন। ২৯ মার্চ চূড়ান্ত প্রার্থী ঘোষণা ও প্রতিক বরাদ্দ (সকাল ১০টা থেকে দুপুর ১২টা)। আগামি ২ এপ্রিল শহরের বিপণীবাগস্থ পার্টি হাউজে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চাঁদপুর জেলা বিএনপির সম্মেলন ১ম অধিবেশন। দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

২৮ মার্চ, ২০২২।