স্টাফ রিপোর্টার
চাঁদপুর রোটারী ক্লাবের নিয়মিত সাপ্তাহিক সভায় গেস্ট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন জেলা ড্যাব (ডক্টরর্স এসোসিয়েশন অব বাংলাদেশ, চাঁদপুর শাখা) এবং চাঁদপুর জেলা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সভাপতি রোটা. ডা. মোবারক হোসাইন চৌধুরী। তিনি সার্জারি, সার্জিক্যাল রোগ এবং অ্যাপেন্ডিসাইটিস বিষয়ে গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল আলোচনা করেন।
গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁদপুর রোটারী ক্লাবের ২৭২৬তম নিয়মিত সাপ্তাহিক সভা ক্লাবের ডা. নুরুর রহমান কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট রোটা. অ্যাড. পলাশ মজুমদার ও সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করেন রোটা. রফিকুল ইসলাম।
গেস্ট স্পিকার রোটা. ডা. মোবারক হোসাইন চৌধুরী একজন জেনারেল সার্জন হিসেবে সার্জারি সংক্রান্ত বিভিন্ন বিষয় সদস্যদের সামনে তুলে ধরেন। তাঁর বক্তব্যে সাধারণ মানুষের মধ্যে সার্জারি নিয়ে প্রচলিত বিভিন্ন ধারণা, কখন সার্জনের পরামর্শ নেওয়া প্রয়োজন এবং রোগের ক্ষেত্রে সময়মতো সঠিক চিকিৎসা গ্রহণের গুরুত্ব বিশেষভাবে উঠে আসে।
আলোচনার গুরুত্বপূর্ণ অংশ ছিল অ্যাপেন্ডিসাইটিস। তিনি অ্যাপেন্ডিসাইটিসের প্রাথমিক লক্ষণ, পেটের ব্যথার ধরন ও অবস্থান, রোগ নির্ণয়ের পদ্ধতি এবং চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে অনেক সময় নাভির আশপাশ থেকে ব্যথা শুরু হয়ে ধীরে ধীরে পেটের ডানদিকের নিচের অংশে চলে যেতে পারে। এর সঙ্গে বমি-বমি ভাব, বমি, ক্ষুধা-মন্দা ও জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। এসব লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
তিনি আরও আলোচনা করেন, অ্যাপেন্ডিসাইটিসের চিকিৎসায় রোগীর অবস্থা অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা ও অ্যাপেন্ডিক্স অপারেশন করা হতে পারে। সময়মতো চিকিৎসা না হলে অ্যাপেন্ডিক্সে জটিলতা সৃষ্টি হয়ে তা ফেটে গিয়ে পেটের ভেতরে মারাত্মক সংক্রমণসহ বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। তাই পেটের তীব্র বা অস্বাভাবিক ব্যথাকে সাধারণ গ্যাসের সমস্যা মনে করে দীর্ঘ সময় অবহেলা না করার জন্য তিনি সবাইকে সচেতন করেন।
আলোচনার শেষে তিনি উপস্থিত রোটারিয়ানদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনের সময় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তাঁর বক্তব্য ছিল সহজ, বাস্তবভিত্তিক ও সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভার শুরুতে সবাই দাঁড়িয়ে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন। রোটারী প্রত্যয় পাঠ করেন ক্লাবের ট্রেজারার রোটা. সঞ্জয় কুমার অধিকারী। গত ২০ সেপ্টেম্বর রোটা. পিপি প্রফেসর জাকির হোসেন এবং প্রফেসর খোদেজা বেগমের বিবাহবার্ষিকী রোটা. পিপি প্রফেসর জাকির হোসেনকে ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
সভায় বক্তব্য রাখেন এসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ও চাঁদপুর রোটারী ক্লাবের আইপিপি রোটা. মোস্তফা ফুল মিয়া। তিনি জানান, ২০২৭ সালের স্পেনের বার্সেলোনায় রোটারী ইন্টারন্যাশনাল কনভেনশন অনুষ্ঠিত হবে। যারা কনভেনশনে অংশগ্রহণে আগ্রহী, তাঁরা প্রথম ধাপে ৫৯৫ মার্কিন ডলার, দ্বিতীয় ধাপে ৭৯৫ মার্কিন ডলার এবং তৃতীয় ধাপে ৮৯৫ মার্কিন ডলার দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। ইতোমধ্যে আমি এবং রোটা. মাহবুবুর রহমান সুমনসহ কয়েকজন রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি।
সভায় রোটা. পিপি তমাল কুমার ঘোষ বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তব্যে চাঁদপুর রোটারী ক্লাবের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন এবং সামাজিক ও মানবিক কাজে চাঁদপুর রোটারী ক্লাবের অবদান উল্লেখ করেন।
সভায় ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রোটা. মাহবুবুর রহমান সুমনের স্পাউস খোদেজা বেগম সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা ‘পাহাড় চূড়ায়’ কবিতাটি আবৃত্তি করেন।
সভায় চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট এবং ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা রোটা. অ্যাড. নুরুল আমিন খান আকাশ বক্তব্য রাখেন। তিনি ক্লিন চাঁদপুর-এর পক্ষ থেকে চাঁদপুর শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানান।
২৫ সেপ্টেম্বর, ২০২৬।
