
স্বাস্থ্য সেবার ধারাবাহিকতা রক্ষায় হাসিনা সরকারের বিকল্প নেই : শামছুল হক ভূঁইয়া এমপি
নারায়ন রবিদাস :
ফরিদগঞ্জে ‘জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০১৭’ এর উদ্বোধন করা হয়েছে। ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চাঁদপুর-৪ আসনের সাংসদ ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এর উদ্বোধন করেন। গত শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া বলেন, শুধু কৃমিনাশকই নয়, বাচ্চাদের যে কোন বড় ধরনের রোগ প্রতিরোধে সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে। পর্যায়ক্রমে সবার কাছেই এসব পদক্ষেপের সুফল পৌঁছে দেয়া হবে। গত ৮ বছরে সরকারের পক্ষ থেকে যে স্বাস্থ্য সেবা দেয়া হয়েছে, তার ধারাবাহিকতা রক্ষায় হাসিনা সরকারের বিকল্প নেই। শিশুদের দেশের সম্পদে পরিণত করতে হলে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে সরকারে রাখতে হবে। নিজেদের ভাল-মন্দের কথা মাথায় রেখে বিবেকের রায় অনুসারে আগামি নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম শিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার, উপজেলা আ.লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান ও রিনা নাছরিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খান, উপজেলা যুবলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন, যুগ্ম-আহ্বায়ক সফিকুর রহমান, ছাত্রলীগ সভাপতি মাহবুব আলম সোহাগ প্রমুখ।
৪ থেকে ৯ নভেম্বর পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে এবং ১৬ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে এ কর্মসূচি চলবে। প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যানুসারে ‘জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০১৭’ এর আওতায় ফরিদগঞ্জ উপজেলার ১৮৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৩৬১ টি প্রাথমিক বিদ্যালয়ের ৫৬৩৭৪ জন শিক্ষার্থীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। উপজেলাব্যাপী ৩৪০২ জন শিক্ষার্থী নিয়ে তৈরী ক্ষুদে চিকিৎসা দল এ কাজে সহযোগিতা করছে।
