ফরিদগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপিত

 

আ. ছোবহান লিটন :
ফরিদগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শনিবার দুপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়। দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১১ টায় চাঁদপুর-৪ আসনের সাংসদ ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া ও প্রশাসনের কর্মকর্তারা জাতীয় পতাকা উত্তোলন করেন। র‌্যালি শেষে ‘উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় সমবায়ের কর্মকর্তা ও সমবায়ীরা উপজেলাব্যাপী সমবায়ের বিভিন্ন কার্যক্রম, সাফল্য এবং সীমাবদ্ধতা তুলে ধরেন।
উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার। তিনি তার বক্তব্যে বলেন, সমবায় সমিতির মালিকদের অযোগ্যতা ও পরিকল্পনার অভাবেই উপজেলায় সমবায়ের পরিবেশ বিনষ্ট হয়েছে। অনেক সমবায় সমিতির মালিক গ্রাহকের টাকায় নিজেদের আখের গুছিয়েছেন। গাঢাকা দিয়েছেন অনেকে। গ্রাহকেদের বঞ্চিত করেছেন। অপরদিকে চান্দ্রা শিক্ষিত বেকার সমবায় সমিতি সারা দেশে দৃষ্টান্ত স্থাপন করেছে। সমবায়ীরা সরকারের নিয়ম মেনে নিজেদের কার্যক্রম চালিয়ে যান। আমরা আপনাদের সহযোগিতা করব। অন্যথায় কেউ পার পাবেন না।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা ভূমি কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান ও রিনা নাছরিন, উপজেলা সমবায় কর্মকর্তা নুরুল আবছার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুব আলম সোহাগ প্রমুখ। এ সময় উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সমবায়ীরা উপস্থিত ছিলেন।