বিচার বিভাগ পৃথকীকরণের এক যুগপূর্তি উদযাপনে আলোচনা সভা

ন্যায়বিচার সম্পাদনে বিচারক ও আইনজীবী উভয়ের দায়িত্ব রয়েছে
……….বিচারপতি সৌমেন্দ্র সরকার
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সৌমেন্দ্র সরকার বলেছেন, বিচারক ও আইনজীবী একে অপরের সাথে জড়িত। ঠিক এক পাখির দুই ডানার মতো। বিচারপ্রার্থীর কাছে দ্রুত ন্যায়বিচার পৌঁছে দেয়া যেমন বিচারকের দায়িত্ব ঠিক আইনজীবীরও দায়িত্ব একই রকম। গত শুক্রবার বিকাল ৪টায় চাঁদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে চাঁদপুরে বিচার বিভাগ পৃথকীকরণের এক যুগপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিচারপতি আরো বলেন, একসময় এদেশের বিচার ব্যবস্থা ভালো ছিলো না। যা জনগণসহ কেউ মেনে নিতে পারেনি। বিচারকার্য একটি গুরুত্বপূর্ণ ক্ষমতা। মহান সৃষ্টিকর্তা এই বিচারকার্য পরিচালনা করে থাকেন এবং একদিন সবার এই বিচারের সম্মুখীন হতে হবে।
তিনি বলেন, বিচার বিভাগ পৃথকীকরণ একটি সুদীর্ঘ আন্দোলনের ফল। ২০০৭ সালে বিচার বিভাগকে নিয়ে আন্দোলন হয়েছিলো তা অনেক সুশৃঙ্খলভাবে হয়েছিল। আর তারই প্রতিফলন ঘটে ২০০৭ সালের ১ নভেম্বর। ২০০৭ সালের পর থেকে আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। এখন জনগণ খুব দ্রুত বিচারকার্য আশা করেন। তাদের এই আশার প্রতিফলন ঘটাতে হবে।
তিনি আরো বলেন, বিচারকার্য একটি ঐশ্বরিক ব্যাপার। এই কাজের সাথে বার ও বেঞ্চ এই দুটো একে অপরের সাথে জড়িত। একজন বিচারকেরর স্বার্থকতা সেখানে, যখন একজন আইনজীবী তাকে সম্মান করেন। এর থেকে বড় পাওয়া বিচারকের আর কিছু হতে পারে না।
চাঁদপুর জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁনের সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী জজ মো. সিরাজ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মো. নূরে আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শেখ মো. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড. মো. শাহাদাত হোসেন।
আইনজীবীদের মধ্যে বক্তব্য রাখেন জিপি অ্যাড. রুহুল আমিন সরকার, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, অ্যাড. সেলিম আকবর, অ্যাড. আব্দুল লতিফ শেখ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু, সাবেক জিপি অ্যাড. শেখ আবু সালেহ, অ্যাড. রনজিত রায় চৌধুরী, সাবেক পিপি অ্যাড. জহিরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন ও গীতা পাঠ করেন গোপাল চন্দ্র সাহা।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন আইনজীবী ও আইনজীবী সহকারী নেতৃবৃন্দ। সাথে সাথে এক যুগপূর্তি উপলক্ষে কেক কাটেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।