হাইমচরে আ.লীগ নেতা সবুজ পাটওয়ারীর দাফন সম্পন্ন

সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রশিদ সবুজ পাটওয়ারীকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। গতকাল শনিবার বাদ আছর উত্তর আলগী রশিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধর্মপ্রাণ মুসল্লি, আত্মীয়-স্বজন, রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরহুম সবুজ পাটওয়ারীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, জেলা যুবলীগ যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজান মিয়া, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিকসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
পারিবারিক সূত্রে জানা যায়, হাইমচর উপজেলার উত্তর আলগী গ্রামের মরহুম আবদুল রশীদ পাটওয়ারীর ছোট ছেলে, অগ্রণী ব্যাংকের প্রাক্তন জিএম মরহুম একেএম মুজিবুর রহমান স্বপন পাটওয়ারীর ছোট ভাই, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মাহবুবুর রশীদ সবুজ পাটওয়ারী গতকাল শনিবার ভোর ৫টায় মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) এর কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তিনি দুই ভাই, মা, স্ত্রী, দুই মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও অনেক বন্ধু-বান্ধব রেখে যান।