স্টাফ রিপোর্টার
চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় আরো ৫ জন করোনা করোনা আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৩ জন পুলিশ সদস্য রয়েছেন। এছাড়া নতুন করে আরেকজন ঢাকা ফেরত রোগী চাঁদপুর এসেছেন। এ নিয়ে চাঁদপুরে করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৪ জনে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র আরো জানায়, এ দিন মোট ৯২ জনের রিপোর্ট এসেছে। বাকি ৮৭ জনের রিপোর্ট করোনা নেগেটিভ।
সূত্র জানায়, নতুন আক্রান্ত ৫ জনের মধ্যে ৩ জন পুলিশ সদস্য, কচুয়ার একজন সিনিয়র নার্স এবং চাঁদপুর সদর হাসপাতালের একজন ডাক্তারের অফিস সহকারী (এটেন্ডেন্ট) রয়েছেন।
উল্লেখ্য, করোনায় আক্রান্ত ৩ পুলিশ সদস্যের মধ্যে ১ জন এসআই ও ২ জন কনস্টেবল রয়েছেন। তারা সবাই চাঁদপুর সদর মডেল থানায় কর্মরত। উল্লেখ্য, চাঁদপুরে করোনা সংক্রমণের পর এই প্রথম আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন।
সূত্র আরো জানায়, আক্রান্তদের মধ্যে মৃতের সংখ্যা ৪ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১১ জন। বাকিরা চিকিৎসাধীন।
এদিকে চিকিৎসায় সুস্থ হওয়ার পর চাঁদপুর সদরের রামপুরের কামরাঙ্গা এলাকার বৃদ্ধ আলী আজ্জম (৬৫) বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে মারা গেছেন। তিনি চাঁদপুরে প্রথম করোনা শনাক্ত মৃত ফয়সালের (৪১) শ্বশুর।
আমাদের কচুয়া সংবাদদাতা জানান, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়র স্টাফ নার্সের করোনা শনাক্ত হয়েছে। তার বাসস্থান লকডাউন করা হয়েছে। কচুয়ায় এই প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো।
০৭ মে, ২০২০।
