ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সভা

সবার সমন্বয়ে উপজেলা পরিষদ আগামিতে দৃশ্যমান উন্নয়ন করতে চায়
…….অ্যাড. জাহিদুল ইসলাম রোমান

ফরিদগঞ্জ ব্যুরো
সোমবার (২৪ আগস্ট) দুপুরে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইন-শৃংখলা বিষয়ক সভায় বক্তব্য রাখতে গিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান বলেছেন, সবার আন্তরিক সমন্বয়ের মাধ্যমে উপজেলা পরিষদ আগামিতে দৃশ্যমান উন্নয়ন করতে চায়। এজন্য তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ উপজেলা পরিষদের সব সদস্যের সহযোগিতা প্রত্যাশা করেন।
তিনি গত অর্থবছরের কথা উল্লেখ করে বলেন, আমাদের মধ্যে কিছুটা সমন্বয়ের অভাব থাকায় ১৯ লাখ টাকা ফেরত চলে গেছে। তাই আমরা চলতি অর্থবছরে অর্থবহ কাজ করতে চাই। তিনি আরো বলেন, সম্প্রতি জেলার সর্ববৃহৎ ইয়াবা চালান সাড়ে ১৭ হাজার পিসসহ তিনজনকে আটকের ঘটনায় পুলিশ প্রশংসার দাবি রাখে। ওই ঘটনায় আটক ফরিদগঞ্জের মাদক ব্যবসায়ী মামুনের কথা উল্লেখ করে বলেন, তার মতো একজন লোক যদি এতবড় চালান রাখতে পারে। তাহলে আমাদের রাজনীতিবিদদের আশ্রয়ে-প্রশ্রয়ে যারা মাদক ব্যবসা করছেন, তাদের অবস্থা অনুমেয়। এই দায়ভার আমি একজন জনপ্রতিনিধি হিসেবে এড়াতে পারি না। হয়তো এমন মাদক ব্যবসায়ী রয়েছে, যাদের উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন এবং থানা পুলিশও কিছুই করতে পারবে না। এসব থেকে মুক্ত হতে হলে মাদকের বিষয়ে আমাদের সকল পর্যায়ের লোকজনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরির সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জি এস তছলিম আহমেদ, থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এইচএম হারুনুর রশীদ, মো. শওকত আলী, আব্দুল গনি বাবুল পাটওয়ারী, মাও. শারাফাত উল্ল্যা, আবুল কালাম ভূঁইয়া এবং বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।

২৫ আগস্ট, ২০২০।