চাঁদপুর সদর হাসপাতালে প্রতিদিন ৫০-৬০টি করোনা নমুনা সংগ্রহ করা হচ্ছে

স্টাফ রিপোর্টার
চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে বৈশ্বিক করোনা শুরু থেকে এখনো করোনা যোদ্ধারা জীবনের ঝুঁকি নিয়ে স্যাম্পল সংগ্রহ করে যাচ্ছে। প্রতিদিন ৫০/৬০টি করে স্যাম্পল সংগ্রহ করা হচ্ছে।
করোনা যোদ্ধা হিসাবে এ হাসপাতালের প্যাথলজী টেকনোলোজিস্ট আব্দুল মালেকের নেতৃত্বে আরো ৬ জন স্যাম্পল সংগ্রহ করছে। তারা হলেন- মনির হোসেন, সিরাজুল ইসলাম, ফয়েজ আহমেদ, সলেমান হোসেন ও খান মো. রিয়াজ। স্যাম্পল সংগ্রহ করতে গিয়ে আব্দুল মালেক নিজেই করোনায় আক্রান্ত হয়ে পরেন। সে সময় আব্দুল মালেকের সহযোগীরা স্যাম্পল সংগ্রহ করা অব্যাহত বেখেছিলেন। সদর উপজেলায় স্যাম্পল সংগ্রহকারীরাও করোনায় আক্রান্ত হয়ে পরে। সেখানে কিছুদিন স্যাম্পল সংগ্রহ বন্ধ রাখা হয়।
প্যাথলজিস্ট আব্দুল মালেক সুস্থ হয়ে ফিরে এসেই আবার স্যাম্পল সংগ্রহ করা শুরু করেন। সত্যিকারের করোনা যোদ্ধারা এখনো নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
আব্দুল মালেক জানান, আমরা করোনা শুরু থেকে কাজ করছি, জীবনের মায়া ত্যাগ করে। প্রতিদিন আমরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে গড়ে ৫০ থেকে ৬০টি করে স্যাম্পল সংগ্রহ করছি। আমরা এ স্যাম্পল সংগ্রহ করে সিভিল সার্জন কার্যালয়ে জমা দিয়ে থাকি। এরপর বিভিন্ন ল্যাবে তা টেস্ট করা হয়। আর একদিন পরই রিপোর্ট আসে। আমরা চাই আমাদের দেশ থেকে যেন করোনা নামের মহামারী দ্রুত নির্মূল হয়।
২৫ আগস্ট, ২০২০।