ল্যাপটপ, নগদ টাকা ও মোবাইল চুরি
বিশেষ প্রতিনিধি
দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি ও চাঁদপুর প্রেসক্লাবের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাংবাদিক শওকত আলীর বাসায় দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। আটক চোর আশিফ
সরকার (১৮) সহ চোরের দল তার বাসার ভেনটিলেটার ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তার ১টি ল্যাপটপ, নগদ ৩০ হাজার টাকা ও ২টি স্যামসাং মোবাইল সেট চুরি করে। তার সাথে থাকা চোরের দলের অন্য সদস্যরা একই এলাকার চোর সদস্য সিরাজ সরকারের ছেলে পরান সরকারের কাছে বারান্দা দিয়ে পাচার করে দেয়।
ঘটনাটি ঘটে বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাত পৌনে ৩টায় চাঁদপুর শহরের হাজী মহসিন রোডস্থ ছৈয়াল বাড়ি মহল্লার আলী রাজা মসজিদের কাছে। এ ব্যাপারে সাংবাদিক শওকত আলী বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ ঘটনায় হাজীগঞ্জ উপজেলার টোরাগড় এলাকার আকতার সরকারের ছেলে চোর আশিফ সরকার (১৮) চুরি করে ভেনটিলেটার দিয়ে পালাবার সময় গৃহকত্রী সামছুন্নাহান টের পেয়ে তাকে সুকৌশলে আটক করে ফেলে, চোর-চোর বলে চিৎকার করে। এ সময় পরিবারের অন্য সদস্যরা তাকে আটক করে কমিউনিটি পুলিশ অঞ্চল-১২ এর সদস্যদের সহায়তায় রাতভর চোর আশিফকে আটক করে রাখে। পরে খবর পেয়ে ভোর ৫টায় চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিনের নির্দেশে থানার উপ-পরিদর্শক মো. শামীম ঘটনাস্থল থেকে আটক চোর আশিফকে থানা হেফাজতে এনে আটক রাখে। আটক চোর আশিফ সরকার জানান, ছৈয়ালবাড়ি মহল্লা এলাকার একটি চোর চক্র তাকে ও তার সাথে থাকা ২ জনকে হাজীগঞ্জ থেকে রাত ১টায় চাঁদপুর আনে। রাত দেড়টার পর থেকে তারা মহল্লার বাসায়-বাসায় ঘুরে ঘুরে দেখায়। সে মতে অন্য চোর সদস্যরা বাইরে থেকে তাকে চুরি হওয়া বাসায় ভেনটিলেটার দিয়ে ভিতরে প্রবেশ করতে সহায়তা করে। সে ভেনটিলেটার দিয়ে ভিতরে প্রবেশ করে ১টি ল্যাপটপ, নগদ ৩০ হাজার টাকা ও ২টি স্যামসাং মোবাইল সেট ঘরের ভিতর থেকে বরান্দার গ্রীল দিয়ে তাদের কাছে দিলে তারা তা’ নিয়ে পালিয়ে যায়। ভেনটিলেটা দিয়ে সে বের হতে গিয়ে আটকা পরে যায়।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. শামীম জানান, আটক চোরের বিগত দিনের রেকর্ড দেখে জানা যায় সে ও তার সাথের পরান সরকার গত জুন মাসেও জেল খেটেছে। সে দাগী চোর। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে। চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ ব্যাপক তল্লাশি চালিয়ে যাচ্ছে।
১ সেপ্টেম্বর, ২০২০।
