স্টাফ রিপোর্টার
চাঁদপুর-ঢাকা রুটে চলাচলকারী যাত্রীবাহী আব-এ-জমজম লঞ্চের ২য় তলার স্টাফ কেবিন থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ঐ তরুণীর আনুমানিক বয়স ১৮ থেকে ২০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় চাঁদপুর লঞ্চঘাটে আব-এ-জমজম লঞ্চের ইঞ্জিন গ্রিজারের কক্ষের কেবিন থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ খবর শুনে দুপুর ২টায় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন, চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল হক আব-এ-জমজম লঞ্চ পরিদর্শনে আসেন।
জানা যায়, লঞ্চের ঐ কক্ষটি গ্রিজার মো. সুজন মোল্লা, মো. রাসেল ও মাসুম ব্যবহার করতেন। তবে লঞ্চটি দুপুর ১টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও যেতে পারেনি।
গ্রিজার মো. সুজন মোল্লা জানায়, বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১১টায় চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে লঞ্চটি। সাড়ে ৬শ’ টাকার বিনিময়ে আমি এক যুবক ও নিহত ঐ যুবতীকে কেবিনটি ভাড়া দেই। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় কেবিনটি পরিস্কার করতে গেলে কক্ষটি তালাবদ্ধ পাই। পরে টিকেট কাউন্টারে গিয়ে খবর নিলে কোন চাবি দেয়া হয়নি বলে জানা যায়। পরে কেবিন খুললে তরুণীর লাশ আমরা দেখতে পাই।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার জানান, তরুণীর গায়ে থাকা ফিতা দিয়েই গলায় পেঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে। যেহেতু এক ব্যক্তি কক্ষটি ভাড়া নিয়েছে। তাই ধারণা করা হচ্ছে হত্যাটি একজনই করতে পারে। তবে ধর্ষণের পর হত্যা হয়েছে কিনা তা ময়নাতদন্তের পর জানা যাবে। এসময় লঞ্চে সিসি ক্যামেরা না থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
২৪ অক্টোবর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে লঞ্চ থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার
