অটোরিকশা মালিক ও লাইসেন্সবিহীন চালকদের জন্য গণসচেতনতা সভা

অবৈধ থ্রি হুইলারগুলো চিহ্নিত করে বৈধ করার কাজ করতে হবে

………..পুলিশ সুপার মাহবুবুর রহমান

স্টাফ রিপোর্টার

চাঁদপুর পুলিশ লাইনে রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিকশা (থ্রি-হুইলার) মালিক ও লাইসেন্সবিহীন চালকদের জন্য গণসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টায় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান।

তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের আলোকে করোনার দ্বিতীয় ওয়েব মোকাবেলা করতে প্রতিটি স্তর থেকে সমন্বয় উদ্যোগ চালাতে হবে। বৈধ ও অবৈধ বলে কোন কথা থাকবে না। সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। অবৈধ সিএনজি চালিত অটোরিকশা বৈধ করার জন্য সমস্যা কোন জায়গায় তা চিহ্নিত করার জন্য আজ মালিক ও চালকদের ডাকা হয়েছে।

তিনি আরো বলেন, অবৈধ সিএনজি অটোরিকশার মালিকদের সমস্যার কথা আমরা জানতে না পারলে তাদের বৈধ করা সম্ভব না। একটু সচেতন হয়ে থ্রি হুইলারগুলোকে শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করবো। তাদের বৈধ করা হবে এবং তাদের মাস্ক পরাবো। আমাদের আজকের সভার মূলমন্ত্র হবে ‘নো মাস্ক, নো পেসেঞ্জার’। আমরা সমাজের কাউকে বাদ দিয়ে চলতে পারবো না।

এসপি লাইসেন্সবিহীন ও রেজিস্ট্রেশনবিহীন মালিক এবং চালকদের উদ্দেশে বলেন, আপনাদের কথা শুনতে, সমস্যা শুনতে আজকের এ সভা। আমরা চাইলে আপনাদের অবৈধ থ্রি হুইলারগুলো আটক করে রাখতে পারি। কিন্তু আমরা সেরকম কঠোর হতে চাচ্ছি না। আপনাদের প্রতি আমাদের অনুভূতি আছে। আমরা চাই আপনাদের সমস্যাগুলো খুলে বলবেন। যাতে করে আমরা কাজটি সহজভাবে করতে পারি।

অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মো. আসাদুজ্জামান পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী আব্দুর রহিম।

সাংবাদিকদের মধ্য থেকে পরামর্শমূলক বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, সাবেক সভাপতি শরিফ চৌধুরী, ইকবাল পাটওয়ারী, বর্তমান সহ-সভাপতি রহিম বাদশা, সোহেল রুশদী, সময় টিভির জেলা প্রতিনিধি ফারুক আহমেদ, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ প্রমুখ।

উম্মুক্ত আলোচনা পর্বে সিএনজি চালিত অটোরিকশা মালিক ও চালকদের মধ্যে বক্তব্য রাখেন সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী শাহরিয়ার ওমর ফারুক, আবুল হোসেন পাঠান, শাহাদাত হোসেন, কামাল হোসেনসহ আরো অনেকে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ নাসিম উদ্দিন, সিএনজি মালিক সমিতির সভাপতি আবুল হোসেনসহ আরো অনেকে।

আলোচনা সভা শেষে পুলিশ লাইন্সের সামনে কয়েকজন সিএনজি চালক ও যাত্রীকে মাস্ক পরিয়ে দেন পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তারা।

৪ নভেম্বর, ২০২০।