নোমান হোসেন আখন্দ
শাহরাস্তির নাওড়া নগর বাউল ক্লাবের উদ্যোগে ফুটবল খেলার ফাইনাল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকাল ৪টায় নাওড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল খেলার ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণ করা হয়।
আওয়ামী লীগ নেতা শরীফুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে এবং নাওড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গৌরাঙ্গ চন্দ্র দের পরিচালনায় পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহরাস্তি পৌর মেয়র হাজি আবদুল লতিফ। তিনি বলেন, খেলাধুলা যুব সমাজকে সকল খারাপ কাজ থেকে বিরত রাখে। মাদক, সন্ত্রাস, ইভটিজিং থেকে সরে আসতে খেলাধুলার বিকল্প নেই। তিনি খেলাধুলার আয়োজন চলমান রাখতে বিভিন্ন সংগঠনের প্রতি আহ্বান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ নেতা আবদুল গফুর, ৪নং ওয়ার্ড কাউন্সিলর শাহাবুদ্দিন আলম, নাওড়া আজিজুর রহমান উর্বির সহকারী প্রধান শিক্ষক ইমাম হোসেন, আওয়ামী লীগ নেতা হেদায়েত উল্ল্যাহ পাটোয়ারী, পৌর যুবলীগ নেতা মো. ইউসুফ, পৌর মহিলা যুবলীগ নেত্রী রাবেয়া বসরী বকুল প্রমুখ।
খেলার নির্ধারিত সময়ে মাহফুজুর রহমানের সবুজ দল ৪-০ গোলের ব্যবধানে সমীরণ দলের লাল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন দলকে ৫০০০ টাকার প্রাইজমানি ও রানারআপ দলকে ৩০০০ টাকার প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ।
২৫ নভেম্বর, ২০২০।
