চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে বিপুল পরিমাণ জাটকা জব্দ

 

স্টাফ রিপোর্টার
চাঁদপুরের মেঘনা নদীর মোহনায় ৩টি যাত্রীবাহী লঞ্চ থেকে ২ হাজার ৫শ’ কেজি জাটকা জব্দ করা হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করে কোস্টগার্ড। জব্দ করা জাটকার আনুমানিক মূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা।
জানা যায়, ভোলার দৌলতখান থেকে ঢাকাগামী এমভি সোনার তরী-২ থেকে ১ হাজার ৮শ’ কেজি, শরীয়তপুরের ঘোষের হাট থেকে ঢাকাগামী এমভি শাহরুক-১ থেকে ৩শ’ কেজি এবং চরফ্যাশন থেকে ঢাকাগামী এমভি তাসরিফ-৩ থেকে ৪শ’ কেজি জাটকা জব্দ করা হয়। এসব জাটকার মালিকদের পাওয়া যায়নি। ফলে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
জব্দ করা জাটকা শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ এবং সহকারী মৎস্য কর্মকর্তা মনির হোসেনর উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী জানান, শুক্রবার রাতের অভিযানে ৩টি লঞ্চ থেকে এসব জাটকা জব্দ করা হয়েছে। লঞ্চ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, যারা এসব জাটকা লঞ্চে তুলেছেন, তারা অন্য মালের কথা বলে বুকিং দেন। এ বিষয়ে লঞ্চ মালিকদের সতর্ক করা হয়েছে।
৩ জানুয়ারি, ২০২১।