স্টাফ রিপোর্টার
গত ১৭ মাসে চাঁদপুর জেলায় মাদক মামলার ১ হাজার ৭৩ জন আসামি আটক হয়েছে। চাঁদপুর শহরের বাবুরহাটস্থ পুলিশ লাইনস্ ড্রিলসেডে জেলা পুলিশের আয়োজনে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান এসব তথ্য জানান।
তিনি আরো জানান, ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর চাঁদপুরে পুলিশ সুপার হিসেবে মো. মাহবুবুর রহমান যোগদান করেন। ওইদিন থেকে গত ৪ ফেব্রুয়ারি প্রায় ১৭ মাসে জেলায় মাদক মামলার ১ হাজার ৭৩ জন আসামিকে আটক করা হয়।
তিনি বলেন, গত ১৭ মাসে সব পর্যায়ের সাংবাদিকদের সহযোগিতা ছিলো। এ সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেলায় ৮০২টি মামলা হয়েছে। এই সংক্রান্ত আসামি আটক হয়েছে ১ হাজার ৭৩ জন। জেলায় ওয়ারেন্টভুক্ত ও অন্যান্য মামলার আসামি গ্রেফতার হয়েছে ৬ হাজার ৭ শ’ ৫৫ জন। উদ্ধারকৃত মাদকদ্রব্য মালামালের আনুমানিক মূল্য ৩ কোটি ৪৩ লাখ ১৮ হাজার ৬শ’ ৩৫ টাকা।
পুলিশ সুপার আরো বলেন, এসময় উল্লেখযোগ্য বেশ কয়েকটি কাজের অগ্রগতি হয়েছে। আমরা জঙ্গিবাদ নিয়ন্ত্রণে কাজ করেছি। মতলব উত্তরে বস্তাবন্দি লাশ, মস্তকবিহীন লাশ উদ্ধার ঘটনায় মামলাগুলোর অগ্রগতি হয়েছে।
২৫ ফেব্রুয়ারি, ২০২১।
