চাঁদপুরে আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চ্যাম্পিয়ন ফরিদগঞ্জ ও রানারআপ হাইমচর

এস এম সোহেল
চাঁদপুরে অনুর্ধ্ব-১৯ আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়াম মাঠে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ফরিদগঞ্জ উপজেলা ও হাইমচর উপজেলা দল। ১৪-১৫ পয়েন্টে হাইমচর উপজেলাকে হারিয়ে ফরিদগঞ্জ উপজেলা দল বিজয়ী হয়।
খেলা শেষে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তিনি তাঁর বক্তব্যে বলেন, খেলায় জয় পরাজয় থাকবেই। অংশগ্রহণ করাই হলো মুখ্য বিষয়। নতুন প্রজন্মকে মাদক ও স্মার্টফোনের ব্যবহার থেকে রক্ষা করতে এ ধরনের টুর্নামেন্ট বেশি-বেশি আয়োজন করা হবে। কাবাডি খেলাটি জাতীয়মানের খেলা কিন্তু বিভিন্ন কারণে এই খেলাটি একটু আড়ালে চলে গেছে। মোবাইল, মাদকাসক্তি, কিশোর গ্যাং থেকে দূরে সরাতে যুবসমাজকে খেলাধুলার মধ্যে রাখতে হবে। আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতায় আপনারা সুন্দর একটি খেলা উপহার দিয়েছেন সেজন্য সবাইকে ধন্যবাদ জানাই বিশেষ করে পুলিশ সুপারকে। এ ধরনের আয়োজন চলমান থাকবে বলে আমি আশা করি। অভিভাকরাও তাদের সন্তানদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করার চেষ্টা করবেন তাহলে আপনার সন্তান মোবাইলসহ নেশায় আসক্ত হবে না।
জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মো. মিলন মাহমুদের সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদের সহধর্মিণী ডা. আফসানা শর্মী, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মাঈনুল ইসলাম, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, কোষাধ্যক্ষ রোটারিয়ান সুভাষ চন্দ্র রায়, সদস্য রোটারিয়ান তমাল কুমার ঘোষ, আবু নাছের বাচ্চু পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র অ্যাড. হেলাল হোসাইনসহ আরো অনেকে।
উল্লেখ্য, টুর্নামেন্টে চাঁদপুর জেলার ৮ উপজেলার ৮টি দল অংশ নেয়।

২৫ নভেম্বর, ২০২১।