চাঁদপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার
সারাদেশে লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে চাঁদপুর জেলা বিএনপি। রোববার (৩১ জুলাই) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
তিনি তার বক্তব্যে বলেন, দেশে আজ আমাদের সাংবিধানিক অধিকার নেই, মৌলিক অধিকার নেই। আমার আপনার ট্যাক্সের পয়সায় যে পুলিশের বেতন হয়, সেই পুলিশই আমাদের উপর গুলি চালায়। মনে রাখবেন এদেশের জনগণ কিন্তু আপনাদের ক্ষমা করবে না। আজ সময় এসেছে রাজপথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার। আজ এই সমাবেশ থেকে বলতে চাই, আগামির নির্বাচন হবে শেখ হাসিনাবিহীন নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া এদেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার দেশে দুর্নীতি করছে। তাদের দুর্নীতি এতোটাই চরমে পৌঁছে গেছে তা থেকে হাসিনা সরকার পার পাবে না। রাতের আঁধারে ভোটচুরি করে রাষ্ট্রক্ষমতায় এসেছে হাসিনা সরকার। যখন লঞ্চে চাঁদপুর আসছিলাম তখন শুনেছি ভোলায় শান্তিপূর্ণ বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশ গুলি চালিয়ে আমার ভাইকে হত্যা করেছে। পা ফস্কে গেলে আপনারা পালানোর সুযোগ পাবেন না। চাঁদপুরের মানুষ বালু খেয়েছে, মাটি খেয়েছে। আর কি খাবার বাকি আছে। আগামি দিনে যে আন্দোলন হবে সেই আন্দোলন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বানের আন্দোলন। আন্দোলন হবে শেখ হাসিনাকে হঠানোর আন্দোলন। আমরা আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে পতন করবো। চাঁদপুরে আন্দোলন হবে শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে।
চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিমের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজি মোশারফ হোসাইন ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মুনির চৌধুরী, চাঁদপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মো. ইউনুস, জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক এম এ শুক্কুর পাটওয়ারী, হুমায়ন কবির প্রধান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন আহমেদ পলাশ, হাইমচর উপজেলা বিএনপির সাংগঠনিক খোরশেদ কতোলায়, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী।
এর আগে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড-খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন।
০১ আগস্ট, ২০২২।