দুর্যোগের সময় ফায়ার সার্ভিসকে সবসময় তৈরি থাকতে হয়
……..জেলা প্রশাসক কামরুল হাসান
স্টাফ রিপোর্টার
‘দুর্ঘটনা দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ এ শ্লোগানে চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় ফায়ার সার্ভিস অফিসের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।
তিনি তাঁর বক্তব্য বলেন, দুর্যোগের সময় ফায়ার সার্ভিসকে সবসময় তৈরি থাকতে হয়। অনেক সময় দুর্যোগের কবলে পড়ে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রাণ দিতে হয়। তাই আমাদের সবক্ষেত্রে অগ্নিনির্বাপক যন্ত্র রাখতে হবে। অতিরিক্ত লোডের কারণেই দুর্যোগ হয়। অনেক সময় গ্রামের বাড়িতে রান্না শেষে চুলায় কাঁচা লাকড়ি দিয়ে রাখা হয়। সেখান থেকেও অনেক সময় অগ্নুৎপাতের সূত্র হয়। সেখান থেকে রান্নাঘর থেকে বাসা-বাড়িতেও চলে যায়। এজন্য সচেতনতা নিয়ে আমাদের সব কাজ করার বিকল্প নেই।
তিনি বলেন, আমাদের বসতঘরের ওয়্যারিংয়ের সময় দক্ষ ইলেক্ট্রিসিয়ান দিয়ে ওয়্যারিং করতে হবে। যাতে করে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে বসতঘরগুলো রক্ষা পায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন।
অনুষ্ঠান শেষে চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের বিভিন্ন দুর্যোগের সময় তাদের কর্মকান্ডগুলো প্রতীকিভাবে জনসমুক্ষে তুলে ধরে মহড়া করেন।
১৬ নভেম্বর, ২০২২।
