চাঁদপুরে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৬৪৮ শিক্ষার্থী

এস এম সোহেল
চাঁদপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন রোববার (৩০ এপ্রিল) ৬শ’ ৪৮ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অনুপস্থিত ছিল। ৩৫ হাজার ৩শ’ ২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৬শ’ ৪৮ জন অনুপস্থিত ছিল। পরীক্ষায় অংশ নেয় ৩৪ হাজার ৬শ’ ৭৮ জন।
চাঁদপুর জেলা প্রশাসকের শিক্ষা শাখার সূত্রে জানা যায়, সারাদেশের মতো চাঁদপুরেও এসএসসি, দাখিল ও ভোকেশনালে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার এসএসসি প্রথমদিন বাংলা ১ম পত্র পরীক্ষায় ২৬ হাজার ৪১ জন পরীক্ষার মাঝে ৩শ’ ৫৮ জন পরীক্ষার্থী পরীক্ষা থেকে বিরত থাকে। ভোকেশনালে বাংলা ২য় পত্র পরীক্ষায় ১ হাজার ৭ শ’ ২৮ জন পরীক্ষার মাঝে ৩১জন পরীক্ষার্থী পরীক্ষা থেকে বিরত থাকে। দাখিলে কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষায় ৭ হাজার ৫শ’ ৫৭ জন পরীক্ষার মাঝে ২শ’ ৫৯ জন পরীক্ষার্থী পরীক্ষা থেকে বিরত থাকে। তবে জেলায় কোন বহিষ্কার হওয়ার খবর পাওয়া যায়নি।
চাঁদপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন শহরের বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক কামরুল হাসান। এসময় তাঁর সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজসহ স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রধানরা।
জানা যায়, অন্যবারের মতো এবারও পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা কক্ষে প্রবেশ করে নির্ধারিত আসনে বসার নিয়ম রয়েছে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীর দেরি হলে রেজিস্টারে নাম, ক্রমিক নম্বর ও দেরির কারণ উল্লেখ করতে বলা হয়েছে। দেরিতে আসা পরীক্ষার্থীদের তালিকা প্রতিদিন কেন্দ্র সচিব সংশ্লিষ্ট বোর্ডকে পাঠাতে নির্দেশনা রয়েছে। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না।
আরো জানা যায়, ট্রেজারি বা থানা থেকে প্রশ্নপত্র গ্রহণ ও পরিবহন কাজে নিয়োজিত কর্মকর্তা-শিক্ষক-কর্মচারীরাও কোনো ফোন ব্যবহার করতে পারবেন না। এছাড়া পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের ২০০ গজের মধ্যে শিক্ষক, ছাত্র ও কর্মচারীদের মোবাইল ফোনের সুবিধাসহ ঘড়ি-কলম এবং ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ।

০১ মে, ২০২৩।