গাড়ি চালককে হত্যা করে ছিনতাই
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর মডেল থানার অভিযানে উদ্ধারকৃত ৩২৮ কার্টুন গার্মেন্টসের মালামাল আটকের ঘটনার রহস্য উদঘাটনে প্রাথমিক তথ্যে গাড়ি চালককে হত্যা করে গাড়িটি ছিনতাই করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনা সূত্রে জানা যায়, গাজীপুরের ক্রিস্টাল গার্মেন্টসের নারীদের জন্য তৈরিকৃত নারীদের গোপন পোশাকের ৩২৮ কার্টুন পোশাকসহ কাভার্ড ভ্যান ছিনতাই করার আগে ছিনতাইকারী চক্র প্রথমে ঐ কাভার্ড ভ্যানের চালককে হত্যা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে লাশ ফেলে ভ্যানটি চাঁদপুরে নিয়ে আসে। পরে কুমিল্লা থানা পুলিশ লাশ পাওয়ার পর চাঞ্চল্যকর একটি হত্যাকাণ্ডের ঘটনার রহস্য উদঘাটন হয়।
এদিকে ঘটনায় ছিনতাইকারী চক্রের সদস্য রুবেলকে চাঁদপুর মডেল থানা পুলিশ মালামালসহ আটক করে।
অবশেষে কুমিল্লা সদর দক্ষিণ থানার পুলিশ কোটবাড়ি এলাকা থেকে ট্রাক চালক টাঙ্গাইল জেলার কাদেরকে মৃতদেহ উদ্ধার করে। তারপরই এই রহস্যের জোট খুলতে থাকে। এই ছিনতাইকারী চক্রের সাথে জড়িত চৌধুরী বাড়ির তপন চৌধুরীর ছেলে সোহেল চৌধুরী ও সেলিম চৌধুরী ঘটনার পর থেকেই উধাও রয়েছে। তবে এর সাথে জড়িত গ্যারেজ মালিক সেলিম চৌধুরী ও তার ভাই সুমন চৌধুরীকে ধরার জন্য তৎপর রয়েছে পুলিশ।
ঘটনার পরে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ ট্রাক চালক কাদিরের লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। অবশেষে কুমিল্লার পুলিশ চাঁদপুরে এসে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে রক্তের চিহ্ন খুঁজে পায়।
এ ঘটনায় নিহত ট্রাক চালকের মেয়ে বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
গাড়ির মালিক মোতাহার মিয়া জানান, গাজীপুর স্ট্যান্ড থেকে বদলি ড্রাইভার কাদেরকে দিয়ে গাড়িটি পাঠানো হয়। ট্রান্সপোর্টের মাধ্যমে ১১ হাজার টাকায় ভাড়ায় চুক্তিতে মাল চট্টগ্রামের উদ্দেশে পাঠালে গাড়ির চালক কাভার্ড ভ্যান নিয়ে উধাও হয়ে যায়। গাড়ি চালকের মোবাইল বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে কুমিল্লায় চালককে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে গাড়ির সব মাল ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় ছিনতাইকারী চক্রের সদস্যদের সাথে চাঁদপুর শহরের পুরান বাজার মিজান চৌধুরী বাড়ির বাসিন্দা চট্টগ্রাম সিএসডি গোডাউনের চতুর্থ শ্রেণির কর্মচারী সোহেল চৌধুরী জড়িত রয়েছে। তারা মিলেই এই ঘটনাটি ঘটিয়েছে বলে জানান।
এদিকে পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে থেকে প্রায় সময় গার্মেন্টসের মালসহ বিভিন্ন পণ্য সামগ্রী উধাও হয়ে যায়। ছিনতাইকারী চক্রের সদস্যরা গাড়ির চালককে হত্যা করে পরিকল্পিতভাবেই এই মালগুলো চুরি করে চাঁদপুরে বিক্রির জন্য নিয়ে আসে।
এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এর সাথে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানান পুলিশ।
১৩ ডিসেম্বর, ২০২৩।
