স্টাফ রিপোর্টার
চাঁদপুর পুরাণবাজারের আলোচিত আলামিন হত্যাকান্ডের প্রধান আসামি সজিব মাঝির জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছে আদালত। গত সোমবার দুপুরে জেলা দায়রা জজের আদালতে সজিব মাঝি আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করে। এদিকে এই হত্যা মামলায় হাইকোর্ট থেকে ৩ সপ্তাহের আগাম জামিনে ছিলেন সজিব মাঝি।
গত ১১ জুন এলাকায় আধিপত্য বিস্তার ও উপজেলা নির্বাচনের পরবর্তি সহিংসতায় পুরানবাজারে নিতাইগঞ্জ ও মেরকাটিজ এলাকার দু-গ্রুফের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। পাল্টাপাল্টি সংঘর্ষে ঘটনাস্থলে মারা যায় অটোরিকশা চালক আল আমিন। এছাড়া তিন পুলিশ কর্মকর্তাসহ প্রায় ৩০ জন আহত হয়।
এ ঘটনায় নিহতের বাবা আবদুল মজিদ খানের দায়ের করা মামলার এজাহারে পৌর প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, তার বড় ছেলে রাকিব মাঝি ও সজিব মাঝিসহ ২৮ জনের নাম উল্লেখ করেন।
এদিকে আলামিন হত্যাকাণ্ডের প্রধান আসামি সজীব মাঝি জেল হাজতে প্রেরণ হওয়ায় নিহতের পিতা আবদুল মজিদ খান শোকরিয়া জ্ঞাপন করেছেন এবং বাকি আসামিদের গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সন্তান হত্যার বিচার চেয়েছেন তিনি।
৩১ জুলাই, ২০২৪।
