
স্টাফ রিপোর্টার :
প্রথম আলোর সাহসী ১৯ বছর উপলক্ষে চাঁদপুরে পালিত হয়েছে নানা কর্মসূচি। গত শনিবার দিনব্যাপী অনুষ্ঠানের মধে প্রথম পর্বে চাঁদপুর বন্ধুসভার আয়োজনে একটি ভাল কাজ হিসেবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাঁদপুর শহরের শপথ চত্বরে প্রায় আড়াইশ’ নারী-পুরুষের বিনামূল্যে ডায়বেটিক পরীক্ষা করা হয়।
দ্বিতীয় পর্বে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিকেল ৩টায় র্যালি বের করা হয়। পরে শহীদ মিনারে প্রথম আলো চাঁদপুর প্রতিনিধি আলম পলাশের পরিচালনায় আলোচনা সভায় অংশ নেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, চাঁদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক রূপক রায়, শ্রমিক সংগঠক মাহবুবুর রহমান, নাট্যকার জসিম মেহেদি, মহিলা কলেজের শিক্ষার্থী তমা, বন্ধুসভার সভাপতি শাওন প্রমুখ।
পুলিশ সুপার শামসুন্নাহার তাঁর বক্তব্যে বলেন, ভাল ভাল সংবাদের জন্য প্রথম আলো পাঠকপ্রিয়তা পেয়েছে। এটা ধরে রাখার জন্য আমি মনে করি পুলিশ-সাংবাদিক একে অপরের পরিপূরক হিসেবে কাজ করলে সমাজে আর কোনো অন্যায়-অপরাধ থাকবে না।
জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারী বলেন, সংবাদপত্র ও সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক। বর্তমান সরকার দেশ ও জাতির জন্য কাজ করে যেভাবে এগুচ্ছে প্রথম আলোও সেভাবে কাজ করছে, করে যাবে এই প্রত্যাশা করছি।
নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার বলেন, আমরা যা কিছু ভাল পাই তা শুধু প্রথম আলো থেকে পাই। এটা প্রথম আলোকে অব্যাহত রাখতে হবে।
আলোচনা শেষে কেকে কেটে প্রথম আলোর জন্মদিন পালন করা হয়। সবশেষে শিল্পী মৌমিতা আচার্জী পরিবেশনায় প্রায় ৩০ মিনিট চলে গানের আসর। এতে বন্ধুসভার ইউসুফ, তমাসহ অন্যান্যরা অংশ নেন।
