স্টাফ রিপোর্টার
কয়েক ঘণ্টার ব্যবধানে চাঁদপুর জেলা বিএনপির দুই নেতা মৃত্যুবরণ করেছেন। গত রোববার রাত ১১টায় চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. মিজানুর রহমান ও সোমবার (২২ জানুয়ারি) বিকেলে সাবেক সহ-সভাপতি কাজী গোলাম মোস্তফা ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।
জানা যায়, অ্যাড. মিজানুর রহমান গত রোববার রাত ১১টায় চাঁদপুর সদর হাসপতালে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি চাঁদপুর জজকোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক এপিপি ছিলেন। গতকাল সোমবার বাদ জোহর চাঁদপুর শহরের পৌর ঈদগাঁ মাঠে প্রথম জানাযা ও পরে মৈশাদী নিজ এলাকায় দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
অন্যদিকে সোমবার বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী গোলাম মোস্তফা হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ঢাকার বাড্ডা এএমজেড হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিলো ৬৫ বছর। আজ মঙ্গলবার সকাল ১০টায় চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে।
কাজী গোলাম মোস্তফা চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক, সহ-সভাপতি, চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
কাজী গোলাম মোস্তফার মৃত্যুতে কেন্দ্রিয় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক শোক পত্রে উল্লেখ করেন ভিপি কাজী গোলাম মোস্তফার মৃত্যুতে তার পরিবারবর্গ ও নিকটজনদের মত আমরাও গভীরভাবে সমব্যাথী। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নীতি আদর্শ ও বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে বিশ্বাসী মরহুম ভিপি কাজী গোলাম মোস্তফা চাঁদপুর জেলা বিএনপি, জেলা যুবদল ও জেলা ছাত্রদলকে সুসংগঠিত শক্তিশালী করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। দোয়া করি মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত নসিব ও শোকার্ত পরিবারকে ধৈর্য্যধারণের ক্ষমতা দান করুন।
২৩ জানুয়ারি, ২০২৪।
