ঘূর্ণিঝড় ‘মোখা’ : মতলব উত্তরে ৫৫ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

মনিরুল ইসলাম মনির
ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় মতলব উত্তর উপজেলায় প্রস্তুত রাখা হয়েছে ৫৫টি আশ্রয় কেন্দ্র। এছাড়া মাঠে থাকবে স্বেচ্ছাসেবক। গঠন করা হয়েছে মেডিকেল টিম। উপজেলায় খোলা হচ্ছে কন্ট্রোল রুম। শুক্রবার (১২ মে) বিকেলে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান এ তথ্য জানান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব জানান, ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিন ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এগুলো হচ্ছে- দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ের প্রস্তুতি।
উপজেলা নির্বাহী অফিসা আশরাফুল হাসান জানান, জেলেদের নিরাপদে ফিরে আসার জন্য বলা হচ্ছে। ইতোমধ্যে অধিকাংশ জেলে ঘাটে ফিরেছেন। এছাড়া মাঠের প্রায় ৯০ ভাগ পাকা ধান কর্তন সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে বাকিটা হয়ে যাবে।
তিনি আরো জানান, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ মেডিকেল টিম দুর্যোগের জন্য প্রস্তুত রয়েছে। উপজেলার প্রাণিসম্পদ রক্ষায় মেডিকেল টিম গঠন করা হয়েছে। সব ধরনের জরুরি পরিষেবা ২৪ ঘণ্টা প্রস্তুত রয়েছে। আমাদের বাঁধ সুরক্ষায় পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। আমরা একসাথে মিলে আসন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কাজ করে যাবো।
উপজেলা প্রশাসনের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে ক্ষয়ক্ষতির পরিমাণ সর্বনি¤œ রাখা। একই সাথে আমরা নদী তীরবর্তী এলাকার বাঁধ সার্বক্ষণিক মনিটরিং করছি। সবাই সতর্ক অবস্থানে রয়েছি।

১৩ মে, ২০২৩।