এস এম সোহেল
চাঁদপুরে কিশোর অপরাধ বেড়ে যাওয়ায় শহরের চিত্রলেখা বাংলালিংক কাস্টমার কেয়ারের এলাকা থেকে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১২ মে) বিকাল ৫টায় চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুর রশিদের নেতৃত্বে এসআই আকরামুল হক ও এসআই জাহাঙ্গীর অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটকরা হলো- শহরের নাজির পাড়া দেওয়ান বাড়ির আহম্মেদ আলী দেওয়ানের ছেলে আশরাফুজ্জামান দেওয়ান (২০), হামানকর্দ্দি খান বাড়ির মো. সেলিম খানের ছেলে মো. কামরুল হাসান খান (১৯), কুমিল্লা লাকসাম বাধাখালী মিয়া বাড়ির জিয়াউর রহমানের ছেলে হৃদয় মিয়া (১৯), রামপুর ছোট সুন্দর পাটোয়ার বাড়ির জাহাঙ্গীর আলম পাটোয়ারী ছেলে তানভীর আহমেদ পাটওয়ারী (১৯), নতুন বাজার পালপাড়া মোবারক ভিলার মো. আ. সালামের ছেলে মাহিন তাসপিয়ান (১৯), বাটালি ভূঁইয়া বাড়ির মিজবাহ উদ্দিন ভূঁইয়ার ছেলে মো. মুনেম ভূঁইয়া (১৯), তরপুরচন্ডী খান বাড়ির বিপ্লব খানের ছেলে মিনহাজ খান (১৯)। আটকরা সবাই বিভিন্ন কলেজের অধ্যায়নরত শিক্ষার্থী।
চাঁদপুর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, বিভিন্ন সময় কিশোরদের বিভিন্ন উৎপাতের খবর আমাদের কাছে আসে। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার বিকালে শহরের চিত্রলেখা বাংলালিংক কাস্টমার কেয়ারের এলাকা থেকে অভিযানে ৭ কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতরা উক্ত স্থানে আড্ডা দেয় এবং ঐ এলাকা দিয়ে আসা-যাওয়া করা শিক্ষার্থীদের ইভটিজিং করার অভিযোগ রয়েছে।
তিনি আরো জানান, সন্ধ্যার পর পাড়া-মহল্লার রাস্তায় কোনো শিক্ষার্থী পেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এ চলমান অভিযান অব্যাহত থাকবে। চাঁদপুরবাসীকে কিশোর গ্যাংমুক্ত একটি শহর উপহার দিতে চাই। আমরা মিডিয়ার মাধ্যমে অভিভাবকদের জানাতে চাই আপনার সন্তানের ওপর নজর রাখুন। কোনো অবস্থাতেই তারা যেন অকারণে সন্ধ্যার পর বাইরে বের না হয়।
মাদক ও কিশোর গ্যাং বিষয়ে কোনো ধরনের অপরাধ সংগঠিত হওয়ার লক্ষণ দেখা মাত্রই চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে জানানোর অনুরোধ জানান তিনি।
১৩ মে, ২০২৩।
