ঘূর্ণিঝড়ের দিনই পরীক্ষা নিলো ওয়াইডব্লিউসিএ!

স্টাফ রিপোর্টার
ঘূর্ণিঝড় মোখার প্রভাবে রোববার (১৪ মে) আতঙ্কিত ছিলো পুরো দেশ। ঘূর্ণিঝড় মোখার কারণে সরকারিভাবে স্কুল-কলেজ বন্ধ থাকা সত্বেও চাঁদপুরে সব নিয়ম-নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পরীক্ষা নিলো ওয়াইডব্লিওসিএ নার্সারী স্কুল কর্তৃপক্ষ। গতকাল রোববার দুপুরে শহরের প্রাণকেন্দ্র জোড়পুকুর পাড়ে অবস্থিত বিদ্যালয়টিতে গিয়ে ঠিক এমন চিত্র দেখা যায়।
এমন একটি মহাবিপদ সংকেতের দিনেই বিদ্যালয় খোলা ও পরীক্ষা নেয়া নিয়ে অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কোন কোন অভিভাবক মনে করেন এ ধরনের সিদ্ধান্ত বিদ্যালয় কর্তৃপক্ষের মনগড়া ও হঠকারী সিদ্ধান্ত। তারা তো আগে থেকেই জানতো, তারপরও কেনো খোলা রাখলো? আজ যদি সত্যি সত্যি মোখার তান্ডব শুরু হয়ে যেত তাহলে শিক্ষার্থীরা কি বিপদে পড়তো না? আর মোখার প্রভাবে একটি অস্থিতিশীল পরিস্থিতি দেখা দিয়েছে- বিদ্যুৎ নেই, গ্যাস নেই। শিক্ষার্থীদের প্রস্তুতিরও তো একটা বিষয় থাকে। তারা কি এগুলো ভাবেনি? আবার কোন কোন অভিবাবক মনে করেন চাঁদপুরে তো এখনো পরিস্থিতি ভালো আছে!
তবে সচেতন মহল মনে করেন, বিদ্যালয় কর্তৃপক্ষের এ ধরনের সিদ্ধান্ত নেওয়া মোটেও উচিত হয়নি। তারা তো জানতো বড় ধরনের একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। তাহলে তারা কিভাবে এমন সিদ্ধান্ত নেয়। আজ বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, এটিতো আল্লাহ পাকের অশেষ মেহেরবানী। যদি হতো আর সেই পরিস্থিতিতে যদি কোন শিক্ষার্থী বড় কোন বিপদে পতিত হতো তখন তারা কি করতো? এছাড়া আজ সরকারিভাবেও বন্ধ ছিলো। তারা কি সরকারি নিয়ম নীতি মানবে না?
বিদ্যালয়ের অধ্যক্ষ পাপড়ি বর্মন জানান, বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর ৬৩২ জন। আজ পরীক্ষা দিয়েছে ৪০০ জন। সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সবার পরীক্ষা ছিলো না। তবে এদিন বিদ্যালয় খোলা নিয়ে তিনিও কিছুটা দুঃখ প্রকাশ করেন।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) বশির আহমেদ বলেন, নিয়ম অনুযায়ী বিদ্যালয় তো বন্ধ রাখার কথা। শিক্ষা অফিসের সাথে কথা বলেন।

১৫ মে, ২০২৩।