স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন আগামিকাল সোমবার (১২ অক্টোবর)। সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চাঁদপুর জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় একটানা ভোটগ্রহণ চলবে।
প্রধান নির্বাচন কমিশনার চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. ইব্রাহিম খলিল জানান, আইনজীবী সহকারী সমিতির নির্বাচন জেলা আইনজীবী সমিতির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। আমাদের জেলা আইনজীবী সমিতির নির্বাচিত ১৩ জন প্রতিনিধি ঐ নির্বাচনে বিভিন্ন দায়িত্ব পালন করবেন। আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ঘিরে আদালত চত্বরে নির্বাচনী আমেজ লক্ষ্য করা গেছে। প্রার্থীরা অ্যাডভোকেটদের চেম্বারে চেম্বারে গিয়ে আইনজীবী সহকারী সদস্যদের কাছে ভোট প্রার্থনা করছেন। এমনকি জেলার বিভিন্ন উপজেলায় গ্রামের বাড়িতে গিয়ে ও প্রার্থীরা ভোট প্রার্থনা করছেন।
আইনজীবী সহকারী সমিতি নির্বাচন প্রতি বছরই ২টি প্যানলে বিভক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে। এবারও ২টি প্যানেল থেকে ২০ জন করে স্বতন্ত্রসহ মোট ৪১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। আলহাজ আক্তার হোসেন, মো. বশির উল্লাহ খান ও মো. মজিবুর রহমানের আইনজীবী সহকারি পরিষদ এবং শ্রীকৃষ্ণ সাহা, মো. শামছুজ্জামান ও তমাল চন্দ্র শীলের আইনজীবী সহকারি কার্যকরী পরিষদ নামে দু’টি প্যানেল এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আরশাদ হোসেন।
সভাপতি প্রার্থী আকতার হোসেন বলেন, আমাদের এ সমিতির মাধ্যমে প্রতি মাসে কিছু টাকা জমা রাখে সদস্যরা। এই টাকা আইনজীবী সহকারী সদস্যদের এককালীনের জন্য একটা স্থায়ী বুনিয়াদ। কেননা আমরা মুহুরীরা কোন পেনশন পাব না সরকারি চাকরিজীবীদের মতো। কিন্তু মুহুরী দের জমানো টাকাই এই সমিতির তত্ত্বাবধায়নে থাকে। যখন যে সদস্য কাজ ছেড়ে চলে যায় আমাদের সমিতির দায়িত্ব হল সদস্যদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া।
তিনি আরো বলেন, আমি সভাপতি থাকাকালীন সময়ে সাধারণ সম্পাদক মনির মুন্সীসহ অবসরপ্রাপ্তসব সদস্যদের টাকা সততার সাথে বুঝিয়ে দিয়েছি এবং আমার সাধ্যমত করোনাকালীন সময়ে অসহায় মুহুরীদের সাহায্য করেছি ব্যক্তিগতভাবে, আগামিতেও করে যাব।
এক আইনজীবী সহকারী এ প্রতিনিধিকে বলেন, বশির ভাইও ব্যক্তিগতভাবে নীরবে করোনার সময় আমাকেসহ অনেকেই সাহায্য করেছে।
১১ অক্টোবর, ২০২০।
