চাঁদপুর জেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

এস এম সোহেল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আপনারা এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে কারা-কারা সবাইকে নিয়ে নির্ভয়ে ভোট দিতে চান। কিন্তু আমরা দেখছি এই নিশীরাতের সরকার যখন থেকে ক্ষমতা দখল করেছে তখন থেকে মানুষ ভোট দেওয়ার অধিকার হারিয়েছে। আজ ভোটের অধিকারকে ডাকাতি করা হয়েছে। আজ ক্ষমতায় থাকার জন্য মানুষের কণ্ঠস্বরকে দমিয়ে রাখার জন্য ডিজিটাল আইন ব্যবহার করছে। আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত- এই সরকার খুনি সরকার। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সব নেতাকর্মীরা আগামিদিনে এদেশের বাকস্বাধীনতা নিশ্চিত করবে। কারণ, বাংলাদেশের মানুষ আস্থা রাখে বিএনপির প্রতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি। আজ বাংলাদেশের মানুষ আপনাদের একটি পবিত্র দায়িত্ব দিয়েছে। সামনে যেদিন ডাক আসবে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সব বাঁধা পেরিয়ে সেদিন রাজপথে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে ততোক্ষণ পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবে না। আজ শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যেসব দেশ গণতন্ত্র ও ভোটের অধিকারে বিশ্বাস করে তারা সবাই আপনাদের দিকে তাকিয়ে রয়েছে। আজ আপনারা একা নন। পৃথিবীর যেখানেই স্বৈরাচারী সরকার ক্ষমতা দখল করেছে সেখানেই জনগণ রাজপথে থেকে সেই সরকারের পতন ঘটিয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) চাঁদপুর শহরের মুনিরা ভবনে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামি দিনগুলোতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানোর জন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামতে হবে। এই ফ্যাসিস্ট সরকারের পতন ইতোমধ্যে হয়ে গেছে। ভয়-ভীতির পরিস্থিতি সৃষ্টি করে জনগণের বিরুদ্ধে টিকে থাকতে পারবে না। শেখ হাসিনা রাজনৈতিকভাবে পরাজিত হয়ে গেছে। এখন আমাদের রাজপথে থেকে মোকাবেলা করতে হবে।
সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আজ রাতে লায়লাতুল কদর। এই রাতের আগেই নেতাকর্মীরা তারেক রহমানের বক্তব্য শোনার জন্য তাকিয়ে আছে। আপনি যখনই ডাক দিবেন, আমরা প্রস্তুত।
চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, সাবেক যুগ্ম-আহ্বায়ক মুনির চৌধুরী ও সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি মিডিয়া হুইপির সদস্য সাবেক এমপি জহির উদ্দিন স্বপন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজি মোস্তাক মিয়া, কেন্দ্রীয় বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন হারুনুর রশীদ, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটওয়ারী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী, কেন্দ্রীয় ছাত্র দলের সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার হক মজুমদার শিমুল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. মুনিরা চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারী।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাও. জসিম উদ্দিন।

১৯ এপ্রিল, ২০২৩।