চাঁদপুর পৌরসভায় ৩৩ জনের মাঝে সেলাই মেশিন বিতরণ

স্টাফ রিপোর্টার
ইউএনডিপি ও চায়না সরকারের যৌথ উদ্যোগে বাংলাদেশ সরকারের মাধ্যমে চাঁদপুর পৌরসভার প্রান্তিক জনগোষ্ঠির জীবন মান উন্নয়ন প্রকল্পে সুবিধাভোগী ৩৩ জনের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর পৌরসভা প্রাঙ্গণে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র জিল্লুর রহমান জুয়েল।
তিনি তার বক্তব্যে বলেন, ইউএনডিপির অর্থায়নে এই ইলিকট্রিক সেলাই মেশিনগুলো ক্রয় করা হয়েছে। আপনাদের আয় বাড়ানোর জন্য এই মেশিনগুলো দেয়া হচ্ছে। এগুলো গার্মেন্টসগুলোতে ব্যবহার হয়। আপনাদের আয় বাড়লে আরো মেশিন দেয়া হবে। সরকার বিদেশীদের সাথে ভাল সম্পর্ক তৈরি করার কারণে তারা আমাদের দেশে অর্থায়ন করছে, এজন্য সরকারকে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সিএনআরএস মোখলেছুর রহমান সুমন, টাউন ম্যানেজার (এলআইপিসি, ইউএনডিপি) চাঁদপুর আব্দুল হান্নান, ইউএনডিপির কনসালটেন্ট কামাল উদ্দীন আহমেদ।

১১ ডিসেম্বর, ২০২৩।