চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ

যে শিক্ষায় বিনয় নেই সেই শিক্ষা কিন্তু শিক্ষা নয়
………..উপ-পরিচালক ইউনুছ ফারুকী

স্টাফ রিপোর্টার
চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ উৎসব-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ জানুয়ারি) সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নবীণবরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ইউনুছ ফারুকী।
তিনি তার বক্তব্যে বলেন, আমি দীর্ঘ ৮ বছর প্রধান শিক্ষক ছিলাম। এটি আমার লাইফে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমাদের সবার মাঝে এখন একটি লক্ষ্য জিপিএ-৫ পাওয়া। এটি নিয়ে বেশি গবেষণা হচ্ছে। কিন্তু এটি কি শিক্ষার মূল উদ্দেশ্য। যে শিক্ষায় বিনয় নেই সেই শিক্ষা কিন্তু শিক্ষা নয়।
তিনি আরো বলেন, যে জীবনের সাথে দেশপ্রেম নেই সেই জীবন কিন্তু জীবন নয়। কাজই প্রকৃত শিক্ষা মানুষকে বিনয়ী হতে শিখায়। আর মানুষের মধ্যে দেশপ্রেম জাগ্রত করে। বাংলাদেশ সরকার ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার কথা বলেছে। এই স্মার্ট বাংলাদেশের কিন্তু তোমাদের হাত ধরেই পূর্ণতা পাবে। মনে রাখবে মানুষ না যত বড় পৃথিবীটা তার চেয়ে অনেক বড়। আবার পৃথিবীটা যত না বড় মানুষের স্বপ্ন তার চেয়ে অনেক বড়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে এবং শিক্ষক আব্দুল আজিজ শিশিরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণকৃষ্ণ দেবানাথ ও চাঁদপুর গভর্নমেন্ট টেকনিক্যাল হাইস্কুলের প্রধান শিক্ষক আলেয়া ফেরদৌস।
আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুলতানা ফেরদাউস আরা, মমিনুল হক সর্দার, শিক্ষক আব্দুল মান্নান, জাহাঙ্গীর হোসেন ও মহসিন মিয়া। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

৩০ জানুয়ারি, ২০২৩।