সজীব খান
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই চাঁদপুরে উপজেলায় এবার শুরু হয়েছে উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ। গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর আবারও আওয়ামী লীগের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর ক্ষমতাসীন দলের নেতাকর্মী, বিশেষ করে যারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা আসনের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আশা করেছেন তারা ইতোমধ্যে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। অনেকেই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তার প্রার্থী হওয়ার কথা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে জানান দিচ্ছেন।
উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল এখনও ঘোষণা হয়নি। এপ্রিল মাসে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা বলেছেন নির্বাচন কমিশন সচিব। এতেই চাঁদপুর সদর উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে।
চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এ পর্যন্ত যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী আর্শ্বাদ মিয়াজী, বর্তমান ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, ছাত্রনেতা রাকিব মাঝিসহ বেশ কয়েকজন।
ভাইস চেয়ারম্যান পদে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল, আওয়ামী লীগ নেতা নুরুল হায়দার সংগ্রামসহ বেশ কয়েকজন বিভিন্নভাবে নিজেকে জানান দিচ্ছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিদা বেগম, সাবেক প্রার্থী শিপ্রা দাসের নাম শুনা যাচ্ছে।
ক্ষমতাসীন দলের উপজেলা, ইউনিয়ন ও তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, চাঁদপুরে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা দু’টি ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। এ সমস্যার নিরসন করা না হলে আগামিতে স্থানীয় সরকারের উপজেলা, পৌর ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটের মাঠে দলীয় প্রার্থীর বেলায় নেতিবাচক প্রভাব পড়বে বলে সচেতন মহল মনে করছেন।
২৪ জানুয়ারি, ২০২৪।
