বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুর জেলা শাখার আয়োজনে চরমোনাইর নমুনায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির। গত শুক্রবার শহরের পুরান বাজার স্টার আলকায়েদ জুটমিলস্ সংলগ্ন বালুমাঠে মাহফিলের করেন ও জুম্মআর নামাজে ইমামতি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।
উদ্বোধনী বক্তব্য ও জুমআর নামাজের জামায়াতে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করে। ৮ নভেম্বর শুরু হওয়া এই মাহফিল চলবে আজ রোববার পর্যন্ত।
প্রধান আলোচকের বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেন, শেখ হাসিনা যেন ফেরাউনের মত শাসন কায়েম করার চেষ্টা করেছিল। সে ভেবেছিল আজীবন ক্ষমতায় টিকে থাকবে। তাই সে মানুষ হয়েও মানুষ হত্যার নেশায় মেতে উঠেছিল। কিন্তু তিনি ভাবতেও পারেননি আমার আল্লাহ চাইলে যে কোন সময় যে কাউকে উপরে উঠাতে এবং নিচে নামাতে পারে।
তিনি বলেন, ২৪ এর গণতভ্যুত্থান কোন রাজনৈতিক দলের একক কৃতিত্ব নয়। এ অর্জন এসেছে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে। তাই এ অর্জন ধরে রাখতে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। যে যেই ক্ষমতা পাক না কেন, নিজেকে সেবক মনে করতে হবে। কোন অবস্থাতেই অহংকার আনা যাবে না। মানুষের ভেতর যখন অহংকার বাসা বাঁধে তখন সে তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে।
৩ দিনব্যাপী এ মাহফিলে জাতীয় ও স্থানীয় শতাধিক দেশবরেণ্য ওলামা মাশায়েখ উপস্থিত থেকে আলোচনা পেশ করবেন।
মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও ইসলামী আন্দোলনের জেলা সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবদিন মাহফিলের বিষয়ে বলেন, মাহফিলে আগত মুসল্লিদের বয়ান শোনার সুবিধার্থে মাঠে বিশাল প্যান্ডেল তৈরী ও নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। বৃহৎ পরিসরে অযু-গোসল ও খাওয়ার জন্য বিশুদ্ধ পানির পাম্প বসানো হয়েছে। ব্যাপক জনসমাগমের কথা বিবেচনায় পর্যাপ্ত অজুখানা, টয়লেট ও বাথরুম নির্মান করা হয়েছে। প্রতিদিন প্রায় একশ’ স্বেচ্ছাসেবক আগত মুসল্লিদের সেবায় নিয়োজিত থাকবেন।
মাহফিলের বয়ান করেন চরমোনাই পীরের খলিফা আল্লামা নুরুল হুদা ফয়েজী, চট্টগ্রাম নানুপুর মাদরাসা প্রধান মুফতি মুফতি শওকত বিন হানিফ, কুমিল্লা কাসিমুল উলূম মাদরাসার নায়েবে মুহতামিম মাও. আব্দুল কুদ্দুছ, জামিয়া আরাবিয়্যা আমলাপাড়া শাইখুল হাদিস মাও. মাকছুদুর রহমান, মাও. আব্দুল মান্নান ওছমানী খুলনা, চান্দিনা আল আমিন কামিল মাদরাসা হেড মুহাদ্দিস মাও. মাহবুবুর রহমান আশরাফী, শাশিয়ালী পীর সাহেব মাও. ওলি আহমাদ, বাহাদুরপুরের পীরজাদা হাজি শরীয়তুল্লাহ (রহ.) এর ৭ম বংশধর মুফতী হানজালা আহমাদ।
১০ নভেম্বর, ২০২৪।
