স্টাফ রিপোর্টার
হিন্দু সম্প্রদায়ের আষাঢ়ের জগন্নাথ দেবের প্রথম রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এবছর চাঁদপুর শহরে ৪টি রথযাত্রা অনুষ্ঠিত হয়। পুরানবাজার জগন্নাথ মন্দির, ইসকন মন্দির, নতুন বাজার গোপাল জিউর আখড়া ও পুরান বাজার দাস পাড়া বিষ্ণু মন্দির থেকে রথযাত্রা বের করা হয়।
রোববার (৮ জুলাই) বিকাল সাড়ে ৪টায় পুরানবাজার জগন্নাথ মন্দিরের রথযাত্রার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ্ত রায়। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, এ বঙ্গবন্ধুর বাংলাদেশ। এ বাংলাদেশ প্রধানমন্ত্রী স্বপ্নের বাংলাদেশ। আমরা জানি এ রথযাত্রা হচ্ছে ভগবানের সাথে ভক্তদের মিলন মেলা। ভগবানকে ভক্তরা সামনের দিকে টেনে নিয়ে যাবে। তাতে সকল ভক্তদের মধ্যে সুখ সমৃদ্ধি ছড়িয়ে পড়বে। ভক্তদের প্রতি ভগবানের যে আশীর্বাদ তা ভক্তদের মাঝে ছড়িয়ে পড়বে। সেই আশীর্বাদ নিয়েই আমরা সুন্দর একটি বাংলাদেশ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করবো।
জগন্নাথ মন্দির পরিচালনা কমিটি ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে এবং জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াছির আরাফাত, ডিআইও-১ মো. মনিরুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি নরেন্দ্র নরায়ন চক্রবর্তী, কাউন্সিলর মালেক শেখ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ সূত্রধর, জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডা. সহদেব দেবনাথ, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শেখ মুহসীন আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজ্জাক মীর, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সভাপতি গোপাল সাহা, বর্তমান সভাপতি পরেশ মালাকার, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা, পুরান বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রাজিব শর্মাসহ হাজারো ভক্তরা।
চাঁদপুর পুরান বাজার জগন্নাথ মন্দির কমিটির আয়োজনে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে সপ্তাহব্যাপী ব্যাপক কর্মসূচি কালিবাড়ি মন্দিরে আনুষ্ঠীত হবে। জগন্নাথ মন্দিরের রথযাত্রা উপলক্ষে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ফল উপহার ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের পক্ষ থেকে মিষ্টি উপহার তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।
পরে অতিথিরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবানামৃত সংগঠন ইসকনের রথযাত্রার ও উদ্বোধন করেন। এরপর পুরান বাজার থেকে জগন্নাথ মন্দির, ইসকন মন্দির ও পুরান বাজার দাসপাড়ার রথ টেনে হাজারো নারী-পুরুষ ভক্ত নতুন বাজার পরিভ্রমণ করে জগন্নাথ মন্দিরের রথ কালিবাড়ি মন্দিরে, ইসকনের রথ গণি স্কুল সংলগ্ন তাদের প্রস্তাবিত কেন্দ্রীয় মন্দিরে নিয়ে রাখা হয়।
০৮ জুলাই, ২০২৪।
