জলবায়ু প্রকল্প বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে
….. নির্বাহী প্রকৌশলী আবু মুসা মো. ফয়সাল
প্রেস বিজ্ঞপ্তি
সচেতন নাগরিক কমিটি (সনাক) চাঁদপুরের আয়োজনে চাঁদপুরে জলবায়ু নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠান, সাংবাদিক ও বিভিন্ন পেশার জনসাধারণের অংশগ্রহণে ‘করোনাকালে জলবায়ু
অর্থায়নে সুশাসন: অংশীজনের ভূমিকা’ শীর্ষক ভার্চুয়াল মতবিনিময় সভা রোববার (২৯ আগস্ট) অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি শাহানারা বেগম।
প্রধান অতিথির বক্তব্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী আবু মুসা মো. ফয়সাল বলেন, জলবায়ু প্রকল্প বাস্তবায়নে জনগণের সাথে আলোচনা করা এবং তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। জলবায়ু সমস্যা জাতীয় ও আন্তর্জাতিক একটি সমস্যা। শুধু জলবায়ুর কাজে নয় যেকোন উন্নয়নমূলক কাজে যদি সুধিজনের অংশগ্রহণ থাকে তাহলে কার্যক্রম বাস্তবায়নে অনেক সুবিধা হয়। জলবায়ু পরিবর্তনের ফলে অনেক ক্ষতিকর প্রভাব লক্ষ্য করা যায়।
তিনি আরও বলেন, উপকূলীয় এলাকায় পানির লেয়ারগুলোতে এখন আর্সেনিক পাওয়া যায়। জলবায়ু পরিবর্তনের ফলে ডিপ লেয়ারগুলোতেও লবনের মাত্রাটা বেড়ে যাচ্ছে। যার ফলে উপকূলীয় এলাকায় খাবার পানির সংকট দেখা দিয়েছে। পৃথিবীর তিন ভাগের মধ্যে দুই ভাগই পানি। যার মধ্যে ১.২% বিশুদ্ধ পানি পাওয়া যায়। জলবায়ু পরিবর্তনের ফলে সাধারণ জনগণ যাতে কোন ক্ষতির সম্মুখীন না হয় সেদিকেও আমাদের নজর দিতে হবে। জলবায়ু পরিবর্তনের ফলে আমরা যেন কোন হুমকির সম্মুখীন না হই সেদিকে আমাদের খেয়াল রাখার আহ্বান জানান। তিনি এমন একটি মতবিনিময় সভার আয়োজন করায় সনাককে ধন্যবাদ জানান।
সম্মানীয় অতিথির বক্তব্যে পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী রেফাত জামিল বলেন, জলবায়ু কার্যক্রমে জনগণের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্র্তনের ফলে বাংলাদেশের মধ্যে চাঁদপুর জেলা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে। ভারত বাংলাদেশের বেশিরভাগ পানিই চাঁদপুরের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন জায়গায় চর পরার কারনে নদীর গতিপথ সরে যাচ্ছে। আমরা ২০১৪ সালে জলবায়ু ফান্ডে কাজ করেছি। চাঁদপুর শহর সংরক্ষন করার জন্য ইতিমধ্যে প্রস্তাবনা পাঠিয়েছি। প্রকল্পের কাজ বাস্তবায়নে আমরা পরিবেশকে বেশি গুরুত্ব দিচ্ছি। অনেক সময় আমরা নিজের অজান্তেই পরিবেশের ক্ষতি করে ফেলছি। তবে যেকোন প্রকল্পের কাজে এখন সুশাসন অনেক বেশি। অনিয়ম করলে অ্যাকশনও হচ্ছে। যেকোন প্রকল্প বাস্তবায়ন করতে হলে সে এলাকার জনসাধারণের মতামত নেওয়া খুবই জরুরী। আমাদের নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।
সম্মানীয় অতিথির বক্তব্যে পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক নাজিম হোসেন শেখ বলেন, জলবায়ুর পরিবর্তন পরিবেশের সাথে ওতোপ্রোতভাবে জড়িত। আজকের মতবিনিময় সভাটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটা চমৎকার উপস্থাপনা দেখলাম। উপস্থানায় জলবায়ু সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। সাধারণ জলবায়ু সম্পর্কে তেমন কিছুই জানে না। তাদেরকে জানানোর জন্য প্রকল্প এলাকায় প্রকল্পের তথ্য সম্বলিত একটা সাইনবোর্ড দেওয়া। আমি মনে করি জলাবায়ুতে ক্ষতিগ্রস্থ খাতগুলো নিয়ে কাজ করা দরকার। যেখানে কাজ হবে সেখানকার সাধারণ জনগণই তাদের এলাকার সমস্যাগুলো বুঝতে পারে। তাই কোন প্রকল্প বাস্তবায়নের পূর্বে জনগণের মতামত নিতে হবে। সাধারণ জনগণকেও এব্যাপারে আরও বেশি সচেতন হতে হবে। আমি মনে করি সনাক-টিআইবি জলবায়ু প্রকল্পে পরামর্শ ও মনিটরিং করা দরকার।
করোনাকালে জলবায়ু অর্থায়নে সুশাসন: অংশীজনের ভূমিকা ও করণীয় শীর্ষক ধারনাপত্র উপস্থাপন করেন টিআইবি চট্টগ্রাম ক্লাস্টারের ক্লাস্টার কোঅর্ডিনেটর মো. জসীম উদ্দিন। তিনি জলবায়ু পরিবর্তন এবং এর কারণ ও প্রভাব, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৈশ্বিক ও জাতীয় পর্যায়ে গৃহীত পদক্ষেপসমূহ, জলবায়ু তহবিল ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিতে টিআইবি’র অভিজ্ঞতা ও উদ্যোগসমূহ, দুর্যোগ মোকাবেলায় সুশাসন ও চ্যালেঞ্জ: টিআইবি’র অভিজ্ঞতা, জলবায়ু তহবিল ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিতে টিআইবি কোর এক্টরদের ভূমিকা ও করনীয় এবং জলবায়ু তহবিল ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিতে অংশীজনের ভূমিকা ও করনীয় বিষয়ে আলোকপাত করেন।
সনাকের সাবেক সভাপতি সভাপতি অধ্যক্ষ মো. মোশারেফ হোসেনের পরিচালনায় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. সামছুদ্দোহা, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, কান্ট্রি ফিশিং বোর্ড মালিক সমিতির সভাপতি শাহআলম মল্লিক, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, শাহরাস্তি পৌরসভার সচিব তোফায়েল আহমেদ শেখ, টেলিভিশন সাংবাদিক ফোরাম সভাপতি আল ইমরান শোভন, সনাকের সাবেক সহ-সভাপতি মো. আব্দুল মালেক।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জলবায়ু নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন পেশার জনসাধারণ, টিআইবি’র চট্টগ্রাম ক্লাস্টারের এরিয়া কোঅর্ডিনেটরবৃন্দ, সনাক চাঁদপুরের সদস্যবৃন্দ, জলবায়ু বিষয়ক জন অংশগ্রহণ কমিটি (সিসিপি) কমিটির সদস্যবৃন্দ, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপের সদস্যবৃন্দ এবং টিআইবি কর্মীবৃন্দ।
৩০ আগস্ট, ২০২১।
