পলিথিন ব্যাগ পরিবেশের মারাত্মক ক্ষতি করে
……..জেলা প্রশাসক কামরুল হাসান
সজীব খান
‘প্লাস্টিক দূষণের সমাধান সামিল হই সকলে’ এ স্লোগানে চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জুন) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।
এসময় তিনি তার বক্তব্যে বলেন, প্লাস্টিক বর্জ্য সবাইকে সচেতন করতে হবে। স্বাস্থ্য বিষয়ক চিন্তা করে পরিবেশ সুন্দর রাখতে সবাইকেই দূষণমুক্ত পরিবেশর জন্য কাজ করতে হবে। পরিবেশ দূষণের মূল কারণ কী? পরিবেশ পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে কী ধরনের প্রচেষ্টা প্রয়োজন? -এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে স্কুল-কলেজে অনুষ্ঠানের আয়োজন করতে হবে। প্রবন্ধ, কুইজ, বক্তৃতা ও অন্যান্য অনেক প্রতিযোগিতা প্রায়ই শিশুদের জন্য পরিবেশ রক্ষার জন্য সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করার প্রয়োজন রয়েছে।
তিনি আরো বলেন, প্লাস্টিক দূষণের সন্ধানে সবাইকে এগিয়ে আসতে হবে। পলিথিন ব্যাগ পরিবেশ মারাত্মক ক্ষতি করে। জমির ফসল উৎপাদনে ব্যাঘাত ঘটায়, পাঁচ বছরেরও যদি পলিথিন মাটির নিচে থাকে, তাও নষ্ট হয় না। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমাদের কাপড়ের ব্যাগ ব্যবহার করতে হবে। কাপড়ের ব্যাগ ব্যবহারের জন্য সবাইকেই সচেতন হতে হবে প্রচার-প্রচারণা করতে হবে, প্লাস্টিক দূষণের বিষয়ে নিজে থেকেই সবাইকে সচেতন হতে হবে। জনসম্মুখে প্লাস্টিক দূষণের বিষয়গুলো বলতে হবে।
তিনি বলেন, আমাদের সমাজে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উচ্চস্বরে মাইকে বিভিন্ন ধরনের সাউন্ড সিস্টেম ব্যবহার করে পরিবেশকে দূষণ করে তোলে। উচ্চ শব্দ দিয়ে মাইক কিংবা সাউন্ড সিস্টেম বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। শব্দ দূষণ আমাদের সমাজের পরিবেশকে ধ্বংস করছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সভাপতিত্বে ‘পলিথিন পরিবেশগত সমস্যা ও আমাদের করণীয়’ বিষয়ে উপস্থাপনা করেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিষয়ের সহকারী অধ্যাপক ড. মো. মাসুদ হোসেন।
দৈনিক সুদীপ্ত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক এমআর ইসলাম বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, চাঁদপুর কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শাফায়েত আহমেদ সিদ্দিকী, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. মিজানুর রহমান, বিশিষ্ট লেখক ডা. পীযূষ কান্তি বড়ুয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হান্নান, পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া, নমুনা সংগ্রহকারী মো. সাদ্দাম হোসেন, ক্যাশিয়ার মোহাম্মদ গিয়াস উদ্দিন, ডাটা এন্ট্রি অপারেটর চন্দনা রানী শীল, বিভিন্ন স্কুলের শিক্ষক, ক্লিনিক ব্যবসায়ী, হাসপাতালের মালিক, ফায়ার সার্ভিস, বেকারের মালিক এবং হোটেল-রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ ইব্রাহিম খলিল ও গীতা পাঠ চন্দ্র রাণী শীল।
০৬ জুন, ২০২৩।
