স্টাফ রিপোর্টার
চাঁদপুরে স্মার্ট ডিসট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৩ শীর্ষক অংশীজন সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সংলাপে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
তিনি তার বক্তব্যে বলেন, তথ্য প্রযুক্তির উপর আমাদের নির্ভরশীলতা চলে আসছে। আমরা যাই করি না কেন, তা আমাদের বেঁচে থাকার জন্যে করি। জ্ঞানভিত্তিক ইকোনমি না হলে তার ফলাফল ভালো হবে না। নিত্য নতুন উদ্ভাবনীর কারণে আমাদের একটা গতি চলে এসেছি। প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে উদ্ভাবনীকে গ্রহণ করতে হবে। আজ সরকারি সেবা স্মার্ট হয়ে গেছে। তথ্য প্রযুক্তিকে আমাদের গ্রহণ করতে হবে। স্মার্ট সিটিজেন হলো সে, যার মধ্যে সব ধরনের জ্ঞান থাকবে। আমাদের এখন সেই স্মার্ট সিটিজেন দরকার।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, এনএসআই’র উপ-পরিচালক শাহ আরমান আহমেদ, প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ।
মুক্ত আলোচনায় আরো বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা. মো. ইলিয়াস, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান, হাজীগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, সদর উপজেলা ইমাম সমিতির সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন।
এসময় জেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
০১ মার্চ, ২০২৩।
