জেলে আটক ২৮৪ জন
স্টাফ রিপোর্টার
জাতীয় সম্পদ ইলিশের পোনা জাটকা সংরক্ষণে ৫শ’ ৫৩ অভিযানে চাঁদপুর মেঘনা নদীর অভয়াশ্রম এলাকা থেকে ১ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ২ কোটি ৪৮ লাখ ৩ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়েছে। বিশেষ করে এবছরই প্রথম জব্দকৃত জেলে নৌকা নিলামে বিক্রি করে আদায় হয়েছে ১১ লাখ ৪১ হাজার ৮০৫ টাকা। জেলা ও উপজেলা টাস্কফোর্স, নৌ-পুলিশ ও কোস্টগার্ড এসব কারেন্টজাল ও নৌকা জব্দ করেন।
মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
জেলা মৎস্য বিভাগ জানিয়েছে, এক মাস ২৬ দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে ৯৭টি। অভিযান পরিচালনা করা হয়েছে ৫৫৩টি। জাটকা জব্দ হয়েছে ৩৮.২৩৭ মেট্টিক টন। অন্যান্য মাছ জব্দ হয়েছে ০.০৪৫ টন। কারেন্টজাল জব্দ হয়েছে ২৪৮.০৩ মিটার। অন্যান্য জাল ৭৮ হাজার মিটার। এসব জব্দকৃত জালের আনুমানিক মূল্য ৪৯ কোটি ৬০ লাখ ৬০ হাজার টাকা। এসব অভিযানের ঘটনায় মামলা হয়েছে ২৫৭টি।
অভিযানে জাটকা ধরার অপরাধে জেলে ও পাচারকালে জড়িত ব্যাক্তি আটক হয়েছে ২৮৪ জন। ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে ২ লাখ ৮৪ হাজার টাকা। এ বছর বিশেষ পদ্ধতি গ্রহণ করে জব্দকৃত নৌকাগুলো নিলামে বিক্রি হয়েছে। নৌকাগুলো বিক্রি টাকার পরিমান হচ্ছে ১১ লাখ ৪১ হাজার ৮০৫টাকা।
হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, জাটকা ও মা ইলিশ সংরক্ষণ অভিযানে আগে জব্দকৃত নৌকা কোস্টগার্ডের হেফাজতে থাকতো। কিন্তু এখন জব্দকৃত নৌকাগুলো নিলামে বিক্রি হয় এবং এই নৌকা নিষিদ্ধ সময়ে নামানো হয় না। নৌকাগুলো জব্দ প্রক্রিয়ায় এবছর সুফল এসেছে।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকি জানান, মার্চের শুরু থেকে আমাদের অভিযান কাঠোর ছিলো। শেষ পর্যন্ত আমরা জাটকা রক্ষায় চেষ্টা অব্যাহত রাখবো। এখনো ২৪ ঘণ্টা নদীতে উপজেলা ও জেলা টাস্কফোর্স কাজ করছে।
২৮ এপ্রিল, ২০২১।
