স্টাফ রিপোর্টার
চাঁদপুরে প্রচন্ড গতিতে আসা ঝড়ের কবলে পড়ে উড়ে গেল চাঁদপুর নৌ-টার্মিনালের যাত্রীদের নিরাপদে লঞ্চে উঠার জন্য স্থাপন করা ৩টি র্যাম। এতে করে যাত্রীরা লঞ্চে উঠা-নামা করতে চরম কষ্টের সম্মুখীন হচ্ছেন।
জানা যায়, হঠাৎ করে প্রচন্ড গতির ঝড়ের কবলে পড়ে বিআইডব্লিউটিএ চাঁদপুর নৌ-টার্মিনালের লঞ্চঘাটের ৩টি র্যাম কোথাও উড়ে যায়। এতে করে চাঁদপুর-ঢাকাসহ বিভিন্ন রুটে যাতায়াতকারী যাত্রীদের ভোগান্তি বেড়ে চরম আকার ধারণ করেছে।
এছাড়া লঞ্চঘাটের দায়িত্বে থাকা টিআই তার কার্যক্রম পরিচালনার কক্ষের পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় পানিবন্দি অবস্থায় দায়িত্ব পালন করতে হচ্ছে।
এ ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ৮টায় চাঁদপুর শহরের মাদ্রাসা রোডস্থ নতুন নৌ-টার্মিনাল এলাকায়।
যাত্রীরা জানিয়েছেন, প্রচন্ড গতিতে আসা প্রবল ঝড় ও মারাত্মক দমকা হাওয়ার কারণে মেঘনা নদীতে প্রবল ঢেউয়ে এই ঘটনা ঘটে। লঞ্চ যাত্রী মো. করিম মিয়া ও রেজাউল করিম জানান, লঞ্চঘাটে দু’টি পন্টুনের নিরাপত্তায় মাঝখানে র্যাম থাকার কথা থাকলেও বর্তমানে নৌ-ঘাটে সেই র্যাম নেই। এতে করে এক পন্টুন থেকে অপর পন্টুনে পারাপারে নারীসহ শিশুদের মারাত্মক আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। এতে করে মারাত্মক নিরাপত্তাহীনতায় যাতায়াত করতে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থাগ্রহণ করা একান্ত জরুরি হয়ে পড়েছে।
চাঁদপুর নৌ-টার্মিনালের দায়িত্বে থাকা বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, প্রচন্ড ঝড়ে বাতাসের গতি বেশি থাকায় নৌ-টার্মিনালের র্যাম ছুটে অন্যত্র চলে গেছে। সে র্যাম খুঁজে বের করে স্থাপনের চেষ্টা অব্যাহত আছে। হারিয়ে যাওয়া র্যাম পাওয়া না গেলে নতুন র্যাম ঢাকা থেকে এনে স্থাপন করা হবে।
১৯ মে, ২০২৩।
