মোহাম্মদ হাবীব উল্যাহ্
জেলার বৃহৎ কোরবানির পশুর হাট হাজীগঞ্জের বাকিলায় কম হাসিলে দেশি গরুর বড় বাজার বসেছে। অন্যান্য বছরের মতো এবারো এই বাজার থেকে সবচেয়ে বেশি কোরবানির পশু বিক্রি হবে বলে আশা প্রকাশ করছেন ইজারাদার কর্তৃপক্ষ। ইতোমধ্যে জেলার বিভিন্ন উপজেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে গরু নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। আগামি সোমবার ও বৃহস্পতিবার নির্ধারিত বাজারে ব্যাপকহারে কোরবানির পশু বিক্রি হবে।
এছাড়া সোমবার থেকে ঈদের দিন পর্যন্ত বাকিলা বাজারে কোরবানির পশু পাওয়া যাবে। চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাড়কের পাশে অবস্থিত বাকিলা পূর্ব বাজারে এই কোরবানির পশুর হাট বসে। নিরাপত্তা ও যাতায়াতের সুব্যবস্থা থাকায় বহুবছর ধরে ঐতিহ্য বজায় রেখে আসছে বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ। তারই ধারাবাহিকতায় এ বছরও বাজারের ইজারাদাররা গরু ও বেপারীরে নিরাপত্তা নিশ্চিত করতে নানা উদ্যোগ নেয়া হয়েছে।
ইজারাদার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাকিলা বাজারে স্বল্প (কম) হাসিলে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ দামের মধ্যে বিভিন্ন জাতের কোরবানির পশু পাওয়া যাবে। এখানে ক্রেতা-বিক্রেতার নিরাপত্তা নিশ্চিতসহ সবধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে এবং গ্রাহকদের জন্য ক্রয়কৃত পশু বাড়িতে নেয়ার জন্য পরিবহনের (ট্রাক, পিকআপ) ব্যবস্থাও রয়েছে।
ইজারাদার অমল ধর জানান, বাকিলায় গরুর বাজারসহ কোরবানির পশুর হাটের ঐতিহ্য ও সুনাম রয়েছে। আমরা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ স্থানীয় ও এলাকাবাসীর সহযোগিতায় এই সুনাম ধরে রেখেছি এবং ভবিষ্যতে এই ঐতিহ্য ধরে রাখবো। এখানে স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশু ক্রয়-বিক্রয় করা হচ্ছে।
তিনি বলেন, ইতোমধ্যে কোরবানির পশুর হাট জমে উঠেছে। বাকিলা বাজারে সব ধরনের ক্রেতারা তাদের পছন্দ অনুযায়ী স্বাচ্ছন্দে কোরবানির পশু ক্রয়-বিক্রয় করতে পারবেন। তাই কম হাসিলে পছন্দের পশু কেনার জন্য ক্রেতা-বিক্রেতাদের বাকিলা বাজারে আসার আহ্বান জানান তিনি।
২৬ জুলাই, ২০২০।
