কচুয়া ব্যুরো
কচুয়া উপজেলায় স্কুল ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে এই দাবি করে মানববন্ধন করেছে স্থানীয়রা। অনিয়মের প্রতিবাদ করায় কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান শিশিরের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং কাজের অনিয়মের তদন্তের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনগণ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মী সমর্থকবৃন্দ। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে কচুয়া উপজেলার ঘাগড়া, আকানিয়া মোড় ও কচুয়া উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সম্মুখে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কচুয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিদ্যালয় ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষা বিভাগের উপ-সহকারী প্রকোশলী নুর আলম ১৮ জুলাই কাজ পরিদর্শনে গেলে জনরোষে পরে। সংবাদ পেয়ে উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির জনরোষ থেকে রক্ষা করতে ঘটনাস্থলে পৌঁছে প্রকৌশলী ও ঠিকাদারকে উদ্ধার করে।
পরে এ ঘটনায় ষড়যন্ত্রমূলকভাবে উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরকে প্রধান আসামি করে কচুয়া থানায় ঐ প্রকৌশলী বাদী হয়ে মামলা দায়ের করে। আমরা এই মিথ্যা মামলার প্রত্যাহার ও কাজের অনিয়মের সুষ্ঠু তদন্ত দাবি করছি।
উল্লেখ্য, গত রোববার কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বহুতল ভবন নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সংশ্লিষ্ট প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ঘটনায় প্রকৌশলী বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
২৬ জুলাই, ২০২০।
