লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে মতলব উত্তর প্রশাসন ও পুলিশ
মতলব উত্তর ব্যুরো
সরকার ঘোষিত কঠোর লকডাউনে মতলব উত্তর উপজেলা প্রশাসন ও থানা পুলিশ নিরলসভাবে উপজেলার বিভিন্ন এলাকায় লকডাউন কার্যকরে অভিযান অব্যাহত রেখেছে।
মঙ্গলবার (৩ আগস্ট) সকালে কঠোর লকডাউনের ১২তম দিনেও মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ও সরকারি ঘোষণা অনুযায়ী জনসাধারণকে লকডাউন মানাতে উপজেলার বিভিন্ন পয়েন্টে ও বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে নেতৃত্বদেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান। এ সময় স্বাস্থ্যবিধি মানাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়। এ সময় মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ শাহজাহান কামাল উপস্থিত ছিলেন।
১২তম দিনে সরকারি বিধি-নিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখার অপরাধে উপজেলার বিভিন্ন বাজারে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫টি মামলায় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসের বিস্তার বেড়ে চলেছে। তাই আমরা সরকারি আইন জনগণকে মানাতে ও জনসচেতনতা বৃদ্ধির কারণে এ অভিযান পরিচালনা করছি।
০৩ আগস্ট, ২০২১।
