মাজহারুল হক চক্ষু হাসপাতালের উদ্যোগে ডা. এমএ গফুরের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া

স্টাফ রিপোর্টার
মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, চাঁদপুরের কিংবদন্তীতুল্য নিভৃতচারী সমাজসেবক, সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব ও ভাষা সৈনিক আলহাজ ডা. এমএ গফুরের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (২৪ আগস্ট) কোরআন খতম ও দোয়া মাহফিলের মাধ্যমে পালিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ১০টা থেকে কোরআন খতম শুরু হয়ে বাদ জোহর হাসপাতালের সম্মেলন কক্ষে স্বাস্থ্যবিধি মেনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ।
দোয়া মাহফিলে হাসপাতালের প্রতিষ্ঠাতা আলহাজ মাজহারুল হক ভূঁইয়া, পরিচালনা পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ ডা. এ কিউ মো. রুহুল আমিন, সদস্য অ্যাডভোকেট মনোয়ার উল্ল্যাহসহ হাসপাতালের যেসব সদস্যরা মারা গেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
এছাড়া মহামারী করোনা পরিস্থিতিতে দেশের সার্বিক মঙ্গল কামনাসহ হাসপাতালের সংশ্লিষ্ট সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। দোয়া অনুষ্ঠানে হাসপাতালের সব চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
২৫ আগস্ট, ২০২০।