‘মুজিববর্ষে সবার জন্য বাসস্থান’ বিষয়ে ভিডিও কনফারেন্স

মুজিববর্ষে দেশের কেউ গৃহহীন থাকবে না
…………ডা. এনামুর রহমান

সজীব খান
ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে বাংলাদেশের কেউ গৃহহীন থাকবে না। আগামি ১ বছরের মধ্যে প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। নির্দেশনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে সমন্বয় করে কাজ করতে হবে। গতকাল রোববার সকাল ১১টায় ‘মুজিববর্ষে সবার জন্য বাসস্থান’ বিষয়ে দেশব্যাপী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এসব কথা বলেন।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহামদ কায়কাউস বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সাথে এ বিষয়ে বিভিন্ন পরামর্শ গ্রহণ করেন এবং পরামর্শ প্রদান করেন। তিনি বক্তব্যে বিভাগীয় কমিশনারদের কাছ থেকে ভূমিহীন, গৃহহীন এবং ভূমি আছে গৃহ নাই এই সংক্রান্ত তালিকা তৈরী করে আগামি ২০ দিনের মধ্যে জমা দেয়ার নির্দেশ দেন।
করোনা ভাইরাস নিয়ে তিনি বলেন, বিশ^ব্যাপী করোনা ভাইরাস নিয়ে আতংক সৃষ্টি হয়েছে। সেই সাথে বাংলাদেশেও আতংকের সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে সবাই একত্রিত হয়ে কাজ করার সুযোগ রয়েছে এবং সবাইকে সচেতনাত বৃদ্ধি করে চলতে হবে।
তিনি আরো বলেন, এয়ারপোর্ট থেকে যেসব প্রবাসীরা বাড়ি আসছেন তাদের পূর্ণাঙ্গ ঠিকানা সংগ্রহ করে নিজ জেলার জেলা প্রশাসকদের কাছে জমা দেয়া হচ্ছে। সাথে সাথে ১৪ দিনের জন্য একজন হলেও তাদের বাড়িতে গিয়ে খোঁজ-খবর নিচ্ছেন। এ বিষয়ে আতংকিত হওয়ার কিছুই নেই, সাবধান হতে হবে।
মুখ্য সচিব আহামদ কায়কাউস মুজিববর্ষ সম্পর্কে বলেন, আগামি ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সেসব কার্যক্রম আমাদের সম্মিলিতভাবে পালন করতে হবে। এই মাহেন্দ্রক্ষণে সবাইকে উজ্জীবীত হয়ে কাজ করতে হবে।
এ সময় আরো বক্তব্য রাখেন এসডিজির মুখ্য সমন্বয়কারী (সচিব) জুয়েনা আজিজ।
ভিডিও কনফারেন্স শেষে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, প্রধানমন্ত্রীর যেসব নির্দেশনা রয়েছে তা মানতে হবে এবং যার যার অবস্থান থেকে এই কাজ সম্পাদন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. দাউদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ জামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল, এনএসআই’র যুগ্ম পরিচালক মো. আজিজুল হক, সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ, স্বাধীনতা পদকপ্রাপ্ত ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্যাহসহ সরকারি কর্মকর্তাবৃন্দ।