সাংবাদিক লক্ষ্মণ চন্দ্র সূত্রধরকে উন্নত চিকিৎসায় ঢাকা রেফার

স্টাফ রিপোর্টার
চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্য লক্ষ্মণ চন্দ্র সূত্রধরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করা হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসকরা ঢাকা রেফার করেন। তাকে রাতেই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয়।
লক্ষ্মণ চন্দ্র সূত্রধর গতকাল সকালে বুকে ব্যথা অনুভব করেন। সাথে সাথে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে প্রাথমিকভাবে দেখে তাকে হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। সেখানে তার প্রয়োজনীয় চিকিৎসা চলতে থাকে। বিকেলে তার রক্ত পরীক্ষায় ডাক্তার কিছুটা সমস্যা দেখতে পান। সেজন্য উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা রেফার করা হয়।
উল্লেখ্য, লক্ষ্মণ চন্দ্র সূত্রধরকে ২০১৩ সালে ওপেন হার্ট সার্জারি করা হয়। তার সুস্থতার জন্য পরিবার এবং প্রেসক্লাবের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।
এদিকে তার অসুস্থতার খবর শোনার সাথে সাথে প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ ও সাধারণ সম্পাদক আল-ইমরান শোভনসহ নেতৃবৃন্দ হাসপাতালে আসেন এবং চিকিৎসার খোঁজ-খবর নেন। সন্ধ্যায় ঢাকা নেয়ার সময়ও প্রেসক্লাব নেতৃবৃন্দ হাসপাতালে ছিলেন। আরো ছিলেন চাঁদপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রোটা. তমাল কুমার ঘোষ এবং জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি রোটা. গোপাল চন্দ্র সাহা।

২৬ জানুয়ারি, ২০২৩।