
স্টাফ রিপোর্টার
নিষেধাজ্ঞা অমান্য করে হাইমচর মেঘনা নদীতে অভয়াশ্রম এলাকায় ইলিশের পোনা জাটকা নিধনের অপরাধে ৫ জেলেকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌসি বেগম। দন্ডপ্রাপ্ত জেলেদের বাড়ি মতলব উত্তর উপজেলার বোরোচর এলাকায়।
এর আগে উপজেলার নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ আব্দুল জলিলের নেতৃত্বে এসআই জয়নাল আবেদীন অভিযান চালিয়ে ৫ জেলেকে মেঘনা নদীতে জাটকা নিধন অবস্থায় হাতেনাতে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ২৫ হাত লম্বা একটি ইঞ্জিনচালিত মাছ দলার নৌকা জব্দ করেন। জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং জব্দকৃত জাটকা ইলিশ গরিবদের মাঝে বিতরণ করা হয়।
কারাদণ্ডপ্রাপ্ত ৫ জেলেকে চাঁদপুর কারাগারে প্রেরণ করে হাইমচর থানা পুলিশ।
