হাজীগঞ্জে লকডাউনের প্রত্যাহারের দাবিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের বিক্ষোভ

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে লকডাউনের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। পৌর হকার্স মার্কেট ও নূর আহম্মেদ প্লাজার ক্ষুদ্র ব্যবসায়ীদের নেতৃত্বে মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে হাজীগঞ্জ বাজারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি হকার্স মার্কেট থেকে বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাজীগঞ্জ প্লাজার সামনে সমাবেশে স্থলে এসে শেষ হয়।
এ সময় ‘লকডাউন মানি না, মানবো না’, ‘স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করবো’, লকডাউন প্রত্যাহার করো, করতে হবে’ ক্ষুদ্র ব্যবসায়ীদের এই শ্লোগানে মুখরিত হয়ে উঠে সমাবশেস্থল। সমাবেশে বক্তারা জানান, গতবছর করোনাকালীন সময়ে যে ক্ষতি হয়েছে, তা এখনো পুষে উঠতে পারেনি ক্ষুদ্র ব্যবসায়ীরা। চলতি বছরের চলমান এই লকডাউনের তাদের পথে বসিয়ে দিবে।
লকডাউন প্রত্যাহারের দাবি জানিয়ে তারা বলেন, আসন্ন রমজান এবং ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যবসায়ীরা ঋণ ও ধার-দেনা করে দোকানে মালামাল উঠিয়েছে (ক্রয়)। এসব মালামাল এখন বিক্রির সময়, কিন্তু চলমান এই লকডাউনের কারনে তারা মালামাল বিক্রি করতে পারছেনা। ব্যবসায়ীরা জানান, লকডাইন প্রত্যাহার হলে, তারা সরকারের নির্দেশনার আলোকে এবং সুরক্ষা মেনেই ব্যবসা কার্যক্রম পরিচালনা করবেন।
ব্যবসায়ীদের লকডাউন বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাজারের অন্যান্য ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকন কর্মচারী অংশ গ্রহণ করেন। এ সময় হাজীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মো. মোশাররফ হোসেন ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান এবং আন্দোলন থেকে বিরত থাকার অনুরোধ করেন।
সমাবেশে নূর আহমেদ প্লাজা ও কাতার-কানাডা টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি, হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মিলন মজুমদার ও সাধারণ সম্পাদক সোহেল হোসেনসহ দুই শতাধিক ব্যবসায়ী ও কর্মচারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত রোববার (৪ এপ্রিল) এক সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। যা সোমবার (৫ এপ্রিল) ভোর ৬টা থেকে থেকে আগামি রোববার (১১ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত পালন করা হবে। এই সময়ে জরুরি সেবা ছাড়া সব বন্ধ থাকবে।

০৭ এপ্রিল, ২০২১।