‘এ লেটার টু গড’ হলিউড ও চীন ঘুরে এবার নরওয়েতে

প্রেস বিজ্ঞপ্তি :
যুক্তরাষ্ট্র ও চীনের পর এবার নরওয়ের চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করতে যাচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী হেমন্ত সাদিকের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এ লেটার টু গড’। ৭ থেকে ১১ নভেম্বর নরওয়েতে অনুষ্ঠিতব্য রিঙ্গেরিত ইন্টারন্যাশনাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যালের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে প্রতিযোগিতা করবে চলচ্চিত্রটি। উৎসবের দাপ্তরিক ওয়েবসাইটে (www.riyff.com) বলা হয়েছে, ‘বিশ্বের ৭০টি দেশের প্রায় ৬০০’র বেশি তরুণ নির্মাতার চলচ্চিত্র থেকে নির্বাচিত ৪০টি দেশের সেরা ৭৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে আন্তর্জাতিক এই প্রতিযোগিতা বিভাগে। প্রতিযোগিতায় অংশ নেওয়া চলচ্চিত্রগুলো এরই মধ্যে সানড্যান্স, কান, বার্লিনসহ বিশে^র বিভিন্ন গুরুত্বপূর্ণ উৎসবে অংশ নিয়েছে এবং বেশিরভাগ ছবিই পুরস্কারপ্রাপ্ত।
উৎসব চলাকালে এই ৭৪জন নির্মাতারা একটি চলচ্চিত্র নির্মাণ কর্মশালাতে অংশ নেবেন। কর্মশালাটি পরিচালনা করবেন নরওয়ে, বৃটেন ও জার্মানির খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতারা। রিঙ্গেরিত ইন্টারন্যাশনাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে ‘এ লেটার টু গড’ এর নির্মাতা হেমন্ত সাদিক আজ নরওয়ের উদ্দেশ্যে যাত্রা করেন। নরওয়ে থেকে তিনি যাবেন ইতালিতে। আগামী ১৫ নভেম্বর ইতালির সিত্তাদেল্লায় অনুষ্ঠিতব্য জিয়ো ফিল্ম ফেস্টিভাল এ্যান্ড এক্সপো সিনেমায় প্রদর্শিত হবে এ লেটার টু গড।
এ লেটার টু গড ইতিমধ্যে হলিউডের এ্যাওয়ার্ড উইনিং সিলেকশনসহ বিশ্বের এগারোটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে পুরস্কৃত ও মনোনীত হয়েছে। এছাড়া দেশের মাটিতে ১০ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে সেরা তরুণ নির্মাতা পুরস্কার, সিলেট চলচ্চিত্র উৎসবে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রসহ বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে এ লেটার টু গড।